ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে কয়েদির মৃত্যু
ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বন্দি অবস্থায় অসুস্থ হয়ে আব্দুল খালেক (৬৫) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত আব্দুল খালেক মৃত কফিল উদ্দিনের ছেলে। কারাসূত্রে তার কয়েদি নম্বর ৬৭১৮/এ বলে জানা গেছে। তবে তিনি কী মামলায় সাজাপ্রাপ্ত ছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য জানায়নি কারা কর্তৃপক্ষ।
কারারক্ষী আব্দুল্লাহ জানান, মধ্যরাতে কারাগারের ভেতরেই হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন আব্দুল খালেক। কারা কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে রাত ১২টা ৩০ মিনিটের দিকে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও তিনি জানান।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে