Views Bangladesh Logo

বিশ্বকাপের আগে চোটে জর্জরিত আর্জেন্টিনা শিবির, ফিটনেস শঙ্কায় মেসিসহ ৮ ফুটবলার

Sports Desk

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপের প্রস্তুতির মাঝেই চোট ও ফিটনেস সমস্যা নিয়ে দুশ্চিন্তায় পড়েছে আর্জেন্টাইন শিবির। অধিনায়ক লিওনেল মেসিসহ অন্তত আট ফুটবলারের শারীরিক অবস্থা নিয়ে অনিশ্চয়তা দেখা দেওয়ায় দল নির্বাচন নিয়ে বাড়তি চাপে পড়েছেন কোচ লিওনেল স্কালোনি।

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলটি এজেইজা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ১১ ঘণ্টার যাত্রা শেষে স্থানীয় সময় রোববার সকাল ১১টার দিকে যুক্তরাষ্ট্রের মিসৌরিতে পৌঁছায়। পাঁচ হাজার ৫০০ মাইলের বেশি দীর্ঘ এই সফরের মধ্যেই দলের চোট পরিস্থিতি বড় আলোচনায় উঠে এসেছে।

হ্যামস্ট্রিং ইনজুরির কারণে মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসকে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে। এছাড়া দলের আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলার চোটে আক্রান্ত অথবা সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণে রয়েছেন।

বিশ্বকাপের ঠিক আগে ফিলাডেলফিয়ারের বিপক্ষে ম্যাচের ৭৩তম মিনিটে বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন লিওনেল মেসি। তবে তার চোট গুরুতর নয় এবং সামান্য মাংসপেশির টান হিসেবে বিবেচনা করা হচ্ছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আসন্ন দুটি প্রস্তুতি ম্যাচে তাকে বিশ্রামে রাখা হতে পারে।

ইউরোপা লিগের ফাইনালের আগে অনুশীলনের সময় আঙুলে চোট পাওয়া গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসও প্রস্তুতি ম্যাচ দুটিতে খেলতে পারবেন না। তবে আর্জেন্টিনার বিশ্বকাপের প্রথম ম্যাচের আগেই তিনি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।

বাম হাঁটুতে অস্বস্তির কারণে তরুণ মিডফিল্ডার নিকো পাজও দলের বাইরে রয়েছেন। এপ্রিল মাসে লিগামেন্ট ইনজুরিতে পড়া ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকলেও এখনো পুরোপুরি ফিট নন তিনি।

গত মাসে গোড়ালিতে চোট পাওয়া আতলেতিকো মাদ্রিদের ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ প্রায় সুস্থতার পথে থাকলেও এখনো চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। তার ক্লাব সতীর্থ নিকোলাস গনসালেসকেও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

এছাড়া ডিফেন্ডার গনসালো মন্তিয়েল দ্বিতীয় মাত্রার মাংসপেশির চোটে ভুগছেন। নাহুয়েল মোলিনা ও থিয়াগো আলমাদারও সামান্য মাংসপেশির সমস্যা রয়েছে।

কানসাস সিটিকে ঘাঁটি করে বিশ্বকাপ প্রস্তুতি চালানো আর্জেন্টিনা আগামী শনিবার টেক্সাসে হন্ডুরাসের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে। এর তিন দিন পর আইসল্যান্ডের বিপক্ষেও তাদের একটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে।

ফিটনেস সংকট বিবেচনায় নিয়ে কোচ স্কালোনি প্রস্তুতি ম্যাচগুলোতে সতর্কতার সাথে দল নির্বাচন করবেন বলে ধারণা করা হচ্ছে। আগামী ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরু করবে আর্জেন্টিনা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ