Views Bangladesh Logo

যশোরে ‘চিকিৎসা চাইতে’ হাসপাতালে এলো আহত হনুমান

যশোরের ঝিকরগাছা উপজেলায় আহত একটি হনুমান নিজে থেকে উপজেলা প্রাণীসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালে চিকিৎসা চাইতে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি ছড়িয়ে পড়ে। এ ঘটনাটি ঘটে উপজেলা প্রাণীসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালে।

উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মাসুমা আখতার ও ভেটেরিনারি এক্সটেনশন অফিসার ডা. আব্দুর রহমান শেখ হনুমানটিকে চিকিৎসা দেন। এ বিষয়ে ডা. আখতার জানান, সম্প্রতি কেউ ধারালো অস্ত্র দিয়ে হনুমানটির শরীরের পেছনের অংশে আঘাত করে। এর পর থেকেই চিকিৎসার জন্য হনুমানটি এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়াচ্ছিল। এর আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় থানায়ও দেখা গিয়েছিল বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার (১২ এপ্রিল) হনুমানটি প্রথমে চিকিৎসা শেডের একটি টেবিলে বসে, তারপর ফার্মেসি রুমে ঢুকে যায়। সেখানে ওষুধের বোতল খুলে গন্ধ শোঁকে এবং কিছু খাওয়ার চেষ্টাও করে। তবে চিকিৎসার সময় অবাক করা বিষয় হলো—প্রাণীটি অত্যন্ত শান্ত ছিল এবং কোনো প্রতিরোধ করেনি। এ সময় ভেটেরিনারি চিকিৎসকরা অ্যান্টিসেপটিক দিয়ে হনুমানটির ক্ষতস্থান পরিষ্কার করে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন।

পরবর্তীতে এ ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সাড়া পড়ে। একই সঙ্গে প্রাণীটির প্রতি মানবিক আচরণের জন্য সোশ্যাল মিডিয়া ভেটেরিনারি চিকিৎসকদের প্রশংসা করছেন অনেকে।

ডা. মাসুমা আখতার বলেন, হনুমানটির আচরণ যেন কথা বলতে না পারা কোনো মানুষের মতো—এটি কোনোভাবে তার চিকিৎসার প্রয়োজনীয়তা প্রকাশ করতে পেরেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ