সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের উদ্যোগ, সংসদে বিল উত্থাপন
১৮৮২ সালের সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের লক্ষ্যে জাতীয় সংসদে নতুন একটি বিল উত্থাপন করা হয়েছে। প্রস্তাবিত সংশোধনে পিতা-মাতা, পিতামহ-মাতামহ, সন্তান, নাতি-নাতনি কিংবা স্বামী-স্ত্রীর মধ্যে সম্পত্তি দানের পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ করার অধিকার রাখার সুযোগ তৈরি হবে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান সংসদে ‘দ্য ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’ উত্থাপন করেন। পরে বিলটি বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
বিলে প্রস্তাব করা হয়েছে, নির্দিষ্ট পারিবারিক সম্পর্কের মধ্যে কাউকে সম্পত্তি দান করলেও দাতা জীবিত থাকা পর্যন্ত ওই সম্পত্তি ভোগ করতে পারবেন। অর্থাৎ সম্পত্তির মালিকানা হস্তান্তরের পরও দাতা তার জীবনকাল পর্যন্ত সম্পত্তি ব্যবহার ও ভোগের অধিকার সংরক্ষণ করতে পারবেন।
প্রস্তাবিত বিধান অনুযায়ী, দাতার জীবদ্দশায় সম্পত্তির গ্রহীতা মারা গেলে দাতার ভোগাধিকার বহাল থাকবে। পরবর্তী সময়ে আইন অনুযায়ী ওই সম্পত্তির ভোগাধিকার গ্রহীতার উত্তরাধিকারীদের কাছে স্থানান্তরিত হবে।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে আইনমন্ত্রী বলেন, বর্তমান আইনে সম্পত্তি হস্তান্তরের বিভিন্ন পদ্ধতির কথা থাকলেও দাতার জীবদ্দশায় সম্পত্তির ভোগাধিকার সংরক্ষণ করে দানের বিষয়ে সুনির্দিষ্ট কোনো বিধান নেই। প্রস্তাবিত সংশোধনের মাধ্যমে জীবনকালীন ভোগাধিকার সংরক্ষণ করে সম্পত্তি দানের একটি স্বতন্ত্র পদ্ধতি চালু হবে।
আইনমন্ত্রী আরও জানান, নতুন এই বিধান ধর্মনির্বিশেষে সব নাগরিকের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য হবে। প্রচলিত সাধারণ দান, মুসলিম আইনের অধীন হেবা কিংবা আইনস্বীকৃত অন্য কোনো পদ্ধতিতে সম্পত্তি হস্তান্তরের ওপর এর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। একই সঙ্গে বিদ্যমান কোনো আইনের সঙ্গে সাংঘর্ষিক পরিস্থিতিও তৈরি হবে না।
মতামত দিন