পিপিপি পদ্ধতিতে পদ্মা নদীতে ব্যারেজ নির্মাণের উদ্যোগ
সরকার পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) পদ্ধতিতে পদ্মা নদীতে ব্যারেজ নির্মাণের উদ্যোগ নিয়েছে। প্রস্তাবিত প্রকল্পের খরচ ধরা হয়েছে ৩৪,৪৯৭.২৫ কোটি টাকা। ইতিমধ্যে প্রকল্প বাস্তবায়নের প্রস্তাব অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশের জবাবে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এসব তথ্য জানান। নোটিশটি উত্থাপন করেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস।
মন্ত্রী জানান, পদ্মা ব্যারেজ প্রকল্পের মাধ্যমে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও উত্তর-পশ্চিমাঞ্চলের ১৯টি জেলার ১২০টি উপজেলা সরাসরি উপকৃত হবে। এছাড়া সমীক্ষা অনুযায়ী আরও ৫টি জেলা বাইরেরভাবে সুবিধা লাভ করবে। এজন্য প্রকল্পটিকে “মাস্টারমাইন্ড প্রকল্প” হিসেবে উল্লেখ করা হচ্ছে।
পদ্মা নদীর পানি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জীবন, জীবিকা, কৃষি, মৎস্য, পরিবেশ ও মানুষের টিকে থাকার মূল ভিত্তি বলে উল্লেখ করে মন্ত্রী বলেন, ব্যারেজ নির্মাণের সম্ভাব্য সমীক্ষা ২০০৪ সালে শুরু হয় এবং ২০১৩ সালে তা সম্পন্ন হয়। সমীক্ষায় ব্যারেজ নির্মাণের সুপারিশ করা হয়।
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দেওয়া হয়েছে। প্রকল্প বাস্তবায়ন হবে ২০২৬ থেকে ২০৩৩ সাল পর্যন্ত।
মন্ত্রী আরও জানান, প্রকল্পটি বাস্তবায়িত হলে ২৮.৮০ লাখ হেক্টর জমিতে সেচ সুবিধা নিশ্চিত হবে। পাশাপাশি ১১৩ মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদন হবে এবং প্রায় ৯ লাখ ২৭ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা থাকবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে