Views Bangladesh Logo

দুর্নীতিমুক্ত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তথ্য অধিকার বাস্তবায়ন করতে হবে: প্রধান তথ্য কমিশনার

দুর্নীতিমুক্ত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তথ্য অধিকার বাস্তবায়ন করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান তথ্য কমিশনার ড. আবদুল মালেক। তিনি বলেন, ‘১২৭টি দেশের মধ্যে তথ্য অধিকারে ২৬তম অবস্থানে বাংলাদেশ। তথ্য প্রদানে সজাগ আছে বলেই বাংলাদেশ এই মর্যাদায় অধিষ্ঠিত হয়েছে।‘

মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) ময়মনসিংহের তারেক স্মৃতি অডিটরিয়ামে তথ্য কমিশন বাংলাদেশ ও ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে ‘তথ্য অধিকার আইন- ২০০৯’ বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধান তথ্য কমিশনার।

এসময় আবদুল মালেক বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে শেখ হাসিনা দ্বিতীয়বার যখন প্রধানমন্ত্রী হন, তখন তিনি তথ্য অধিকার আইন প্রতিষ্ঠিত করেন। তার ধারাবাহিকতায় ময়মনসিংহ জেলার ১৩ টি উপজেলায় পরিচালকসহ তিনদিন যাবত কাজ করা হচ্ছে। বাংলাদেশের সাধারণ মানুষ তথ্য অধিকার সম্পর্কে সঠিকভাবে অবগত নয় বলে তথ্য অধিকার সম্পর্কে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই সভার আয়োজন।‘

প্রধানমন্ত্রী এই আইনটি পাস করেন জনগণ এবং সরকারের কর্মকাণ্ডের জবাবদিহিতার জন্য। জনগণের উপর শোষণ, গঞ্জনা-বন্ধনা ও দুর্নীতির মূলোৎপাটন করতে এই আইন তৈরি। ১৪ বছর অতিবাহিত হলেও তথ্য আইনের সুফল এখনো পুরোপুরি পাওয়া যায়নি। ফলাফল সুনিশ্চিত করতে সারা দেশব্যাপী এখনো কাজ করা হচ্ছে বলেও জানান তিনি।

প্রধান তথ্য কমিশনার আরও বলেন, ‘আইন কর্তৃক নিষিদ্ধ সংবাদ বাদে সকল দপ্তরের তথ্য চাওয়ার অধিকার জনগণের আছে। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার পরিচালনা কর্মকাণ্ডকে উন্মুক্ত করে দিয়েছেন।‘

সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও এনজিও উদ্দেশ্যে তিনি বলেন, ‘সকল তথ্য সংরক্ষণ করতে হবে এবং তথ্য দিতে দপ্তরসমূহ বাধ্য থাকবে। ওয়েবসাইটে সকল তথ্য আপলোড করতে হবে এবং একজন তথ্য প্রদানকারী কর্মকর্তা নিযুক্ত করতে হবে।‘

গোপনীয়তা রক্ষা করে জনগণের প্রত্যেকটি অলিখিত তথ্য চাওয়ার অধিকার রয়েছে বলেও মন্তব্য করেন প্রধান তথ্য কমিশনার।

এসময় ময়মনসিংহ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তথ্য কমিশনের তথ্য কমিশনার শহীদুল ইসলাম ঝিনুক ও মাসুদা ভাট্টি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ