Views Bangladesh Logo

বিভাগীয় শহরের গণ্ডি পেরিয়ে জেলা-উপজেলায় তথ্য কমপ্লেক্স নির্মাণ হবে: তথ্যমন্ত্রী

কেবল বিভাগীয় শহর নয়, দেশের সব জেলা ও উপজেলায় তথ্য কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহিরউদ্দিন স্বপন।

রোববার (১৬ আগস্ট) বরিশাল নগরীর সিএন্ডবি রোডে বিভাগীয় তথ্য কমপ্লেক্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রায় ১৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত কমপ্লেক্সটির নির্মাণকাজ ২০২৩ সালে শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের প্রায় তিন বছর পর এটি উদ্বোধন করা হলো।

তথ্যমন্ত্রী বলেন, তথ্য কমপ্লেক্সকে শুধু একটি বড় ভবন হিসেবে দেখলে এর মূল উদ্দেশ্য বোঝা যাবে না। এখানে তথ্যপ্রযুক্তি ও ইন্টারনেটনির্ভর বিভিন্ন ধরনের তথ্য ও সেবা দেওয়ার ব্যবস্থা থাকবে। আধুনিক প্রযুক্তির সঙ্গে সমন্বয় করে এসব কেন্দ্র থেকে মানুষের প্রয়োজনীয় তথ্য ও সেবা নিশ্চিত করা হবে।

তিনি বলেন, তথ্য, সেবা, দক্ষতা ও জ্ঞানের সমন্বয়ের মাধ্যমে নতুন ধরনের ‘নলেজ প্রোডাক্ট’ তৈরির লক্ষ্যেই এসব তথ্য কমপ্লেক্স গড়ে তোলা হচ্ছে। এর মাধ্যমে দেশের মানুষের কাছে তথ্য ও জ্ঞানভিত্তিক সেবা আরও সহজে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

জহিরউদ্দিন স্বপন জানান, সরকার তথ্যসেবাকে শুধু বিভাগীয় পর্যায়ে সীমাবদ্ধ রাখতে চায় না। পর্যায়ক্রমে দেশের জেলা ও উপজেলা পর্যায়েও তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে। এর মাধ্যমে তৃণমূল পর্যায়েও আধুনিক তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।

তথ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস জাহান শিরিন। অনুষ্ঠানে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও স্থানীয় প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ