Views Bangladesh Logo

সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিলের কারণ খতিয়ে দেখবেন তথ্য উপদেষ্টা

সরকারকে প্রশ্ন করার কারণে কোনো সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হয়েছে কি না, তা ব্যক্তিগতভাবে খতিয়ে দেখার কথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সম্প্রতি একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের প্রসঙ্গ তুলে এক সাংবাদিক বলেন, একজন সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হলেও এর কারণ সংশ্লিষ্ট সাংবাদিক ও তার প্রতিষ্ঠানকে জানানো হয়নি। সরকারকে প্রশ্ন করার কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না, সে প্রশ্নও তোলেন তিনি।

জবাবে জাহেদ উর রহমান বলেন, শুধু প্রশ্ন করার কারণে সরকার কোনো সাংবাদিকের বিরুদ্ধে এমন পদক্ষেপ নেবে বলে তিনি মনে করেন না। তিনি বলেন, সাংবাদিকরা প্রতিদিন তাকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন; শুধু প্রশ্ন করাই যদি কার্ড বাতিলের কারণ হতো, তাহলে সবার কার্ডই বাতিল হয়ে যাওয়ার কথা।

সংশ্লিষ্ট প্রতিবেদনটি তার নজরে এসেছে জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, কেন কার্ড বাতিল করা হয়েছে এবং এর পেছনে কী ঘটেছিল, তা তিনি খোঁজ নেবেন। বিষয়টি তিনি ব্যক্তিগতভাবেও খতিয়ে দেখবেন বলে জানান।

সরকারের সমালোচনা ও প্রশ্নের ক্ষেত্রে সহনশীলতার কথা তুলে ধরে জাহেদ উর রহমান বলেন, সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের নিয়েও বিপুল পরিমাণ অপতথ্য ছড়ানো হলেও এর প্রতিক্রিয়ায় সাংবাদিকদের প্রশ্ন করার অধিকার সংকুচিত করা হয়নি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ