Views Bangladesh Logo

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করার কারণ জানালেন তথ্য উপদেষ্টা

সরকারি ব্যয় কমানো এবং দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। শুরুতে ২১ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত সফরের পরিকল্পনা থাকলেও তা কমিয়ে ২৫ সেপ্টেম্বর নিউইয়র্ক থেকে দেশে ফেরার সূচি করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে আয়োজিত নিয়মিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর কর্মসূচি অনুযায়ী, ২৩ সেপ্টেম্বর রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি একাধিক বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে। ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দেবেন তিনি। ২৫ সেপ্টেম্বর নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

সফর সংক্ষিপ্ত করার বিষয়ে জাহেদ উর রহমান বলেন, নিউইয়র্কের কর্মসূচি শেষ করে সান ফ্রান্সিসকো যাওয়ার পরিকল্পনা ছিল। সেখানে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে একটি রাজনৈতিক অনুষ্ঠান আয়োজনের সম্ভাবনাও ছিল। তবে দেশের বর্তমান পরিস্থিতি ও সরকারি ব্যয় সাশ্রয়ের বিষয়টি বিবেচনায় নিয়ে সফরটি সীমিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে সরকারি সূত্রগুলোও জানিয়েছিল, ছোট প্রতিনিধি দল নিয়ে প্রধানমন্ত্রীর এবারের সফর আয়োজন করা হয়েছে।

ব্রিফিংয়ে বাংলাদেশ ও বোয়িংয়ের মধ্যে সম্ভাব্য উড়োজাহাজ ক্রয়চুক্তি নিয়েও প্রশ্ন করা হয়। জবাবে তথ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশ বোয়িং থেকে উড়োজাহাজ কিনবে, এটি প্রকাশিত তথ্য। তবে এ বিষয়ে সরকারিভাবে তার কাছে যে তথ্য রয়েছে, তার বাইরে নিশ্চিত করে নতুন কোনো তথ্য দেওয়ার সুযোগ নেই। সফরকালে চুক্তি হতে পারে কি না, সে বিষয়ে সম্ভাবনার কথা জানালেও বিস্তারিত কর্মসূচি সম্পর্কে নিশ্চিত তথ্য তার কাছে নেই বলে জানান তিনি।

জ্বালানি তেলের দাম বাড়ানোর সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো শর্ত জড়িত কি না, এমন প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, এ ক্ষেত্রে আইএমএফের কোনো শর্ত নেই।

তিনি জানান, জ্বালানি খাতে অতীতের বড় লোকসান কমানোর পাশাপাশি দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নতুন গ্যাসকূপ অনুসন্ধানের উদ্যোগ নেওয়া হয়েছে। ২০৩০ সালের মধ্যে ছয়টি নতুন কূপ খননের পরিকল্পনার কথাও তিনি জানিয়েছেন।

আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামের ওঠানামা বিবেচনায় রেখে সরকারকে ভর্তুকির বিষয়টিও হিসাব করতে হচ্ছে বলে জানান তথ্য উপদেষ্টা। তার ভাষ্য, জ্বালানির মূল্য বাড়লে সাধারণ মানুষের ওপর চাপ পড়ে, তাই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একদিকে জনগণের ওপর প্রভাব এবং অন্যদিকে দেশের সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্য দুটিই বিবেচনায় রাখা হচ্ছে।

একই ব্রিফিংয়ে তিনি সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ, বিনিয়োগ ও জ্বালানি পরিস্থিতি নিয়েও সরকারের অবস্থান তুলে ধরেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ