অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতায় ‘রোডম্যাপ’ চাইলেন তথ্যমন্ত্রী
বর্তমান সময়ের অন্যতম বড় চ্যালেঞ্জ অপতথ্য ও ভুল তথ্য মোকাবিলায় ইউনেস্কোর কারিগরি সহযোগিতায় একটি কার্যকর ‘রোডম্যাপ’ তৈরির ওপর গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
বুধবার (২২ এপ্রিল) সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে বাংলাদেশে নিযুক্ত ইউনেস্কোর প্রতিনিধি ড. সুসান ভাইজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আগ্রহের কথা জানান।
বৈঠকে বাংলাদেশে ইউনেস্কোর চলমান কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন ড. সুসান ভাইজ। তিনি জানান, সংশ্লিষ্ট নীতিমালা এবং বিশ্বজুড়ে উদ্বেগের কারণ হয়ে ওঠা অপপ্রচার রোধে ইউনেস্কো বর্তমানে ‘ফ্যাক্ট-চেকিং’ বা তথ্য যাচাইয়ের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। এরই অংশ হিসেবে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তথ্য যাচাই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
গণমাধ্যম সংশ্লিষ্ট নীতিমালা প্রণয়ন ও তথ্য সুরক্ষা নিশ্চিত করতে ইউনেস্কোর ভূমিকার কথা মন্ত্রীকে অবহিত করেন ড. সুসান।
ইউনেস্কোর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, প্রযুক্তির এই যুগে তথ্যের স্বচ্ছতা বজায় রাখা অপরিহার্য। গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে ইউনেস্কোর সঙ্গে বাংলাদেশ সরকারের যৌথভাবে কাজ করার ব্যাপক সুযোগ রয়েছে।
তিনি ইউনেস্কোর অভিজ্ঞতা ও আন্তর্জাতিক দক্ষতাকে কাজে লাগিয়ে বাংলাদেশে একটি শক্তিশালী তথ্য সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান।
ইউনেস্কো প্রতিনিধি এ বিষয়ে সরকারকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
এই দ্বিপাক্ষিক বৈঠকে অন্যান্যদের মধ্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং সচিব মাহবুবা ফারজানাও উপস্থিত ছিলেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে