জুলাই মাসে মূল্যস্ফীতির হার বেড়ে ১১.৬৬%
আগের মাসের চেয়ে সদ্য সমাপ্ত জুলাই মাসে জাতীয় পর্যায়ে সাধারণ মূল্যস্ফীতি বেড়ে ১১ দশমিক ৬৬ শতাংশ হয়েছে। যা ১২ বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে জুন মাসে সাধারণ মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৭২ শতাংশ।
সোমবার (১২ আগস্ট) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মূল্যস্ফীতির এ তথ্য প্রকাশ করে।
বিবিএসের প্রকাশিত তথ্যমতে, গত জুলাই মাসে খাদ্য ও খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি হয়েছে যথাক্রমে ১৪ দশমিক ১০ শতাংশ ও ৯ দশমিক ৬৮ শতাংশ হারে, যা আগের মাসে ছিল যথাক্রমে ১০ দশমিক ৪২ ও ৯ দশমিক ১৫ শতাংশ হারে।
এর আগে গত মে মাসে সাধারণ মূল্যস্ফীতি সর্বোচ্চ ৯ দশমিক ৯৪ শতাংশ হয়। এই হার ছিল ১১ বছরের মধ্যে সর্বোচ্চ।
উল্লেখ্য, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গত জুলাই মাসে আবারও শুরু হয় সাধারণ শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ সময় শিক্ষার্থীদের দমাতে শেখ হাসিনা সরকার দেশব্যাপী তাদের ওপর ব্যাপক দমন-নিপীড়ন চালায়। পরে এই আন্দোলন চলাকালে সরকার পতনের এক দফা দাবি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সবমিলিয়ে এক পর্যায়ে ছাত্র-জনতার আন্দোলনে রুপ নেয়। যার ধারাবাহিকতায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণের মধ্যে দিয়ে শেখ হাসিনার পতন ঘটে।
এ ছাড়াও ছাত্রদের আন্দোলন দমনের জন্য গত মাসের বেশ কিছু দিন ধরে দেশব্যাপী কারফিউ জারি করা হয়েছিল। এতে পণ্যের সরবরাহ শৃঙ্খলে ব্যাঘাত ঘটে। ব্যবসা-বাণিজ্যে লোকসান বাড়তে থাকে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে