Views Bangladesh Logo

২০২৫-২৬ অর্থবছরে মূল্যস্ফীতি উচ্চই থাকবে: সিপিডি

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশে চলমান কাঠামোগত সমস্যা ও মৌসুমি চাপে আগামী অর্থবছরেও মূল্যস্ফীতি সরকারের নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি থাকবে বলে আশঙ্কা প্রকাশ করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

মঙ্গলবার (২৭ মে) সকালে রাজধানীর ধানমণ্ডিতে সিপিডির কার্যালয়ে ‘বাংলাদেশের অর্থনীতি: ২০২৪-২৫ অর্থবছরের অবস্থান (তৃতীয় পাঠ)’ শীর্ষক এক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ড. ফাহমিদা খাতুন বলেন, গত বছরের এপ্রিল থেকে মূল্যস্ফীতি ৯ শতাংশের উপরে অবস্থান করছে, যার মধ্যে খাদ্যপণ্যের দাম সবচেয়ে বেশি বেড়েছে।

তিনি মূল্যস্ফীতির এই ধারাবাহিক বৃদ্ধির জন্য দুর্বল সরবরাহ ব্যবস্থা, আমদানির ব্যয় বৃদ্ধি এবং গুরুত্বপূর্ণ বাজারগুলোতে পর্যাপ্ত প্রতিযোগিতার অভাবকে দায়ী করেন।

উদাহরণ হিসেবে তিনি চিনি বাজারের কথা উল্লেখ করেন, যা মাত্র পাঁচজন আমদানিকারকের নিয়ন্ত্রণে। এটি কার্টেল-সদৃশ পরিস্থিতির ইঙ্গিত দেয় বলে তিনি মন্তব্য করেন।

গ্রামাঞ্চলের মানুষ — যাদের আয় কম এবং নগদ অর্থপ্রাপ্তি সীমিত — তাদের জন্য নিত্যপ্রয়োজনীয় চাল, তেল, চিনি ও মাংসের মতো পণ্যের দাম বৃদ্ধি সবচেয়ে বেশি চাপ তৈরি করছে। ২০১৯ সাল থেকে এসব পণ্যের দাম ক্রমাগত বেড়েই চলেছে, যা সরবরাহব্যবস্থার বিভিন্ন সমস্যার কারণে আরও প্রকট হয়েছে।

বাংলাদেশ ব্যাংক ২০২৫-২৬ অর্থবছরের জন্য মূল্যস্ফীতি ৬ থেকে ৭ শতাংশের মধ্যে রাখার লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও, সিপিডির বিশ্লেষণ বলছে যে বড় ধরনের নীতিগত সংস্কার ছাড়া এই লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে না।

ড. ফাহমিদা জানান, ২০১২ থেকে ২০২৫ পর্যন্ত সময়ের প্রবণতার ওপর ভিত্তি করে আমাদের বিশ্লেষণ বলছে, আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৬.৫ শতাংশে নামিয়ে আনা অত্যন্ত কঠিন হবে।

তিনি বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির দিকে মূল্যস্ফীতি কিছুটা কমতে পারে, তবে মৌসুমি কারণ — যেমন কৃষি উৎপাদনে মন্থরতা এবং রমজানের সময় ভোক্তা ব্যয় বৃদ্ধির কারণে বছরের মাঝামাঝি সময়ে আবার তা বাড়ার সম্ভাবনা রয়েছে।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মৌদ্রিক ও রাজস্ব নীতির আরও সমন্বয়, বাজারে প্রতিযোগিতা কমিশনের কঠোর তদারকি এবং বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা বৃদ্ধির ওপর জোর দিয়েছে সিপিডি।

ড. ফাহমিদা বলেন, সরবরাহপক্ষের সংকট নিরসন, উৎপাদন বৃদ্ধি, বিনিময় হার স্থিতিশীল রাখা এবং কয়েকজন ব্যবসায়ীর নিয়ন্ত্রণ ভেঙে বাজারে প্রতিযোগিতা নিশ্চিত করা জরুরি।

তিনি সতর্ক করে বলেন, যথাযথ সংস্কার না হলে মূল্যস্ফীতির এই ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকবে এবং নিম্ন ও স্থির আয়ের মানুষের জীবনযাত্রা আরও কঠিন হয়ে পড়বে।

মিডিয়া ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন সিপিডির সম্মানীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান, গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম প্রমুখ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ