Views Bangladesh Logo

সরকারের পাঁচ মাসে মূল্যস্ফীতি কমেছে, রিজার্ভ বেড়েছে: মাহদী আমিন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দায়িত্ব গ্রহণের পাঁচ মাসের মাথায় অর্থনীতি, সামাজিক সুরক্ষা, স্বাস্থ্য, শিক্ষা ও প্রশাসনিক সংস্কারে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জনের দাবি করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

শনিবার (১৮ জুলাই) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সরকারের পাঁচ মাসের কার্যক্রম তুলে ধরেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

তিনি বলেন, একটি ভঙ্গুর অর্থনীতি ও ক্ষতিগ্রস্ত রাষ্ট্রকাঠামোর দায়িত্ব গ্রহণ করলেও অল্প সময়ের মধ্যেই সরকার দৃশ্যমান সাফল্য অর্জন করেছে। বর্তমানে দেশে মূল্যস্ফীতি কমে ৯ দশমিক ১৬ শতাংশে নেমে এসেছে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৫৮ বিলিয়ন ডলারে। এছাড়া চলতি বছরের মার্চ মাসে রেকর্ড ৩ দশমিক ৭৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে।

মাহ্‌দী আমিন জানান, কৃষি ও সামাজিক সুরক্ষায় সরকারের বিভিন্ন উদ্যোগের মধ্যে রয়েছে ১২ লাখ ক্ষুদ্র কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ এবং ৫৫ লাখ পরিবারের জন্য ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ। পাশাপাশি নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণ, ফ্রিল্যান্সারদের পরিচয়পত্র, স্টার্টআপ তহবিল এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য বিশেষ কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

স্বাস্থ্য খাতের অগ্রগতি তুলে ধরে তিনি বলেন, এক লাখ জনবল নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার ৮০ শতাংশই নারী। এছাড়া সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা, উপজেলা হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীতকরণ এবং ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য ইউনিট গঠনের পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

শিক্ষা খাতে স্মার্ট ক্লাসরুম, ফ্রি ওয়াই-ফাই, মিড-ডে মিল, নতুন পাঠ্যপুস্তক এবং ছাত্রীদের জন্য অনার্স পর্যন্ত অবৈতনিক শিক্ষার সিদ্ধান্তের কথাও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য ব্যাংক গ্যারান্টি হিসেবে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান।

সংবাদ সম্মেলনে মাহ্‌দী আমিন বলেন, অর্থনৈতিক পুনরুদ্ধার, স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদি উন্নয়নের লক্ষ্যে সরকার ‘রিকভারি, রেস্টোরেশন অ্যান্ড রিকনস্ট্রাকশন’ কৌশল বাস্তবায়ন করছে। তার দাবি, এই কর্মপরিকল্পনার মাধ্যমে দেশের অর্থনীতি ও প্রশাসনিক কাঠামোকে আরও শক্তিশালী ও টেকসই ভিত্তির ওপর দাঁড় করানো হচ্ছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ