আগামী বাজেটের মূল লক্ষ্য হওয়া উচিত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ: দেবপ্রিয় ভট্টাচার্য
সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে প্রধান লক্ষ্য হিসেবে ধরা উচিত। সামষ্টিক অর্থনীতি স্থিতিশীল রাখতে এটিই হতে হবে বাজেটের ‘ধ্রুবতারা’।
বৃহস্পতিবার (২১ মে) রাজধানীর কারওয়ান বাজারে সোনারগাঁও হোটেলে ‘সংকটকালের বাজেট ও জনপ্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে বাজেট প্রণয়ন একটি কঠিন ভারসাম্যের কাজ। একদিকে কাঠামোগত সংস্কারের ঘাটতি ও বৈশ্বিক চাপ, অন্যদিকে আন্তর্জাতিক সংস্থার শর্ত ও জনগণের প্রত্যাশা—এই সব চাপের মধ্যে সরকারকে বাজেট তৈরি করতে হচ্ছে।
তিনি আরও বলেন, সামষ্টিক অর্থনীতিকে স্থিতিশীল রাখতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি বাজেট ঘাটতিও নিয়ন্ত্রণে রাখা জরুরি। ঘাটতি কোনোভাবেই জিডিপির ৪ শতাংশের বেশি হওয়া উচিত নয়।
রাজস্ব আদায় প্রসঙ্গে তিনি কর-জিডিপি অনুপাত বাড়ানোর ওপর গুরুত্ব দেন এবং কর ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা বলেন। একই সঙ্গে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ কমানো থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
করছাড় ও ভর্তুকি সংস্কার নিয়েও তিনি মন্তব্য করেন, অপ্রয়োজনীয় করছাড় পুনর্বিবেচনা করা উচিত এবং কিছু খাতে বড় অঙ্কের করছাড় অর্থনীতির ওপর চাপ তৈরি করছে।
তিনি সম্পদ কর ও উত্তরাধিকার কর চালুর পক্ষে মত দেন এবং বৈষম্য কমাতে আয়করের পাশাপাশি এসব ব্যবস্থার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
ঋণ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বাংলাদেশ এখন মাঝারি মাত্রার ঋণ ঝুঁকির মধ্যে রয়েছে এবং বৈদেশিক ঋণ পরিশোধের চাপ বাড়ছে, যা বাজেট ব্যবস্থাপনায় বড় চ্যালেঞ্জ তৈরি করছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে