মূল্যস্ফীতির চাপে নিম্ন আয়ের মানুষ, সেপ্টেম্বরে বেড়েছে জীবনযাত্রার ব্যয়
মূল্যস্ফীতির ঊর্ধ্বমুখী প্রবণতায় দেশের সাধারণ ও নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়েছে। একদিকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে, অন্যদিকে শ্রমজীবী মানুষের মজুরি বৃদ্ধির হার কমছে। ফলে আয় ও ব্যয়ের মধ্যে ব্যবধান বাড়ায় চাপের মুখে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।
বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত সেপ্টেম্বর মাসের মূল্যস্ফীতির হালনাগাদ প্রতিবেদন থেকে এ উদ্বেগজনক চিত্র উঠে এসেছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সেপ্টেম্বরের মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য অনুযায়ী, ওই মাসে দেশে সাধারণ মূল্যস্ফীতির হার বেড়ে ৮ দশমিক ৩৪ শতাংশে দাঁড়িয়েছে। আগস্টে এ হার ছিল ৮ দশমিক ২৬ শতাংশ। অর্থাৎ এক মাসের ব্যবধানে সাধারণ মূল্যস্ফীতি বেড়েছে শূন্য দশমিক শূন্য ৮ শতাংশ।
বিবিএসের তথ্য বলছে, সেপ্টেম্বর মাসে খাদ্য মূল্যস্ফীতিও বেড়েছে। এ খাতে মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৭ দশমিক ২২ শতাংশ, যা আগস্টে ছিল ৭ দশমিক ০২ শতাংশ। ফলে মাছ, মাংস, ভোজ্যতেল, ডাল, লবণ ও শাকসবজিসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের পেছনে আগের তুলনায় বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে ভোক্তাদের।
অন্যদিকে খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি সামান্য কমেছে। সেপ্টেম্বরে এ খাতে মূল্যস্ফীতির হার ছিল ৯ দশমিক ৩০ শতাংশ, আগস্টে যা ছিল ৯ দশমিক ৩২ শতাংশ। তবে গত বছরের সেপ্টেম্বরের ৮ দশমিক ৯৮ শতাংশের তুলনায় এ হার এখনো বেশি।
মূল্যস্ফীতির বিপরীতে জাতীয় মজুরি সূচকের প্রবৃদ্ধিও কমেছে। সেপ্টেম্বরে সার্বিক মজুরি সূচক ৭ দশমিক ৯০ শতাংশে নেমে এসেছে, আগস্টে যা ছিল ৮ দশমিক ০৫ শতাংশ। অর্থাৎ পণ্যের দাম বাড়লেও মজুরি বৃদ্ধির হার সেই অনুপাতে বাড়ছে না।
খাতভিত্তিক হিসাবেও একই চিত্র দেখা গেছে। সেপ্টেম্বরে কৃষি খাতে মজুরি সূচকের প্রবৃদ্ধি কমে ৭ দশমিক ৮৯ শতাংশে দাঁড়িয়েছে, আগস্টে যা ছিল ৮ দশমিক ০৭ শতাংশ। শিল্প খাতে এ হার ৭ দশমিক ৯৭ শতাংশ থেকে কমে ৭ দশমিক ৮৬ শতাংশ এবং সেবা খাতে ৮ দশমিক ২৫ শতাংশ থেকে কমে ৮ দশমিক ০৭ শতাংশ হয়েছে।
অঞ্চলভেদেও মূল্যস্ফীতির চাপে পার্থক্য রয়েছে।
সেপ্টেম্বরে গ্রামীণ এলাকায় সাধারণ মূল্যস্ফীতির হার ছিল ৮ দশমিক ৩৮ শতাংশ। শহরাঞ্চলে এ হার তুলনামূলক কম, ৮ দশমিক ২৬ শতাংশ। ফলে আয় কমে যাওয়া এবং জীবনযাত্রার ব্যয় বাড়ার দ্বৈত চাপে বিশেষ করে নিম্ন আয়ের মানুষের সংসার চালানো আরও কঠিন হয়ে পড়ছে।
মতামত দিন