Views Bangladesh Logo

বিশ্বকাপের বাণিজ্যিক অধিকার বিক্রির পরিকল্পনার প্রতিবাদে ইনফান্তিনোর উপদেষ্টার পদত্যাগ

Sports Desk

ক্রীড়া ডেস্ক

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর জ্যেষ্ঠ উপদেষ্টা কার্লোস কর্দেইরো বিশ্বকাপের বাণিজ্যিক অধিকার আংশিক বিক্রির পরিকল্পনার প্রতিবাদে পদত্যাগ করেছেন। শুক্রবার তিনি এ সিদ্ধান্তের কথা জানিয়ে পরিকল্পনাটিকে ফুটবলের জন্য ‘খারাপ চুক্তি’ বলে আখ্যা দেন।

গত মঙ্গলবার ফিফা ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) নামে ২০ বিলিয়ন ডলার মূল্যমানের একটি নতুন বাণিজ্যিক প্রতিষ্ঠান গঠনের পরিকল্পনা ঘোষণা করে। এই প্রতিষ্ঠান বিশ্বকাপসহ ফিফার বড় টুর্নামেন্টগুলোর বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করবে। পরিকল্পনা অনুযায়ী, প্রতিষ্ঠানের সর্বোচ্চ ২০ শতাংশ মালিকানা বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করা হবে।

ঘোষণার পরপরই পরিকল্পনাটি নিয়ে ফুটবল অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। প্রথমে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা এর বিরোধিতা করে। পরে উয়েফার ৫৫টি সদস্যদেশ সর্বসম্মতিক্রমে ফিফার সব প্রতিযোগিতা বর্জনের পক্ষে অবস্থান নেয়। একইভাবে কনকাকাফের ৪১টি সদস্যদেশ এবং এশিয়ান ফুটবল কনফেডারেশনও (এএফসি) প্রকাশ্যে এ প্রস্তাব প্রত্যাখ্যান করে।

বিতর্কের মধ্যেই পদত্যাগ করেন কর্দেইরো। ২০২১ সালে ইনফান্তিনোর উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়া সাবেক এই ব্যাংকার এক বিবৃতিতে বলেন, ফিফা সভাপতির জ্যেষ্ঠ উপদেষ্টা, সাবেক ব্যাংকার এবং আজীবন ফুটবলপ্রেমী হিসেবে বিশ্বকাপের মালিকানার অংশ বিক্রির পরিকল্পনার সময় আমি নীরব থাকতে পারি না।

তিনি স্পষ্ট করে বলেন, এই পরিকল্পনা তৈরিতে তার কোনো ভূমিকা ছিল না এবং তিনি এর ‘দ্ব্যর্থহীনভাবে বিরোধিতা’ করছেন।

কর্দেইরোর ভাষায়, ‘এটি ফিফার সদস্যদেশগুলোর জন্য খারাপ চুক্তি, ফুটবলের জন্যও ক্ষতিকর এবং দীর্ঘমেয়াদে খেলাটির ভবিষ্যতের জন্য হুমকি।’

ব্যাংকিং খাতে ৩৫ বছরের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, বিশ্বকাপের মতো সম্পদের মালিকানার অংশ বিক্রির দীর্ঘমেয়াদি প্রভাব ভালোভাবেই বুঝি। ফুটবলের স্বার্থে এই প্রস্তাব প্রত্যাখ্যান করা উচিত।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ