Views Bangladesh Logo

ইনফান্তিনোর প্রতি সমর্থন প্রত্যাহার করল ওয়েলস, বিপদে ফিফা প্রেসিডেন্ট

Sports Desk

ক্রীড়া ডেস্ক

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে আন্তর্জাতিক ফুটবলে চাপ আরও বেড়েছে। ২০২৭-২০৩১ মেয়াদে ফিফা সভাপতির নির্বাচনে তাঁর প্রার্থিতার প্রতি সমর্থন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ওয়েলস ফুটবল অ্যাসোসিয়েশন। কোনো জাতীয় ফুটবল সংস্থা হিসেবে এটিই ইনফান্তিনোর বিরুদ্ধে প্রথম আনুষ্ঠানিক অনাস্থা।

সম্প্রতি বিশ্বকাপসহ ফিফার প্রধান প্রতিযোগিতাগুলোর বাণিজ্যিক স্বত্ব পরিচালনার জন্য নতুন একটি প্রতিষ্ঠান গঠন এবং সেই প্রতিষ্ঠানের ২০ শতাংশ শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করে ৪২০ কোটি ডলার তোলার পরিকল্পনা করেছিল ফিফা। তবে সদস্যসংস্থা ও বিভিন্ন অংশীজনের তীব্র বিরোধিতার মুখে শেষ পর্যন্ত সংস্থাটি সেই পরিকল্পনা বাতিল করতে বাধ্য হয়। এরপর থেকেই ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন আরও জোরালো হয়।

ওয়েলস ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানিয়েছে, সুশাসন, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া, নেতৃত্ব, মূল্যবোধ, অংশীজনদের সঙ্গে সম্পর্ক এবং যোগাযোগে ধারাবাহিক ঘাটতির কারণে তারা ইনফান্তিনোর প্রতি আস্থা হারিয়েছে। সংস্থাটির মতে, ফুটবলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে তিনি ব্যর্থ হয়েছেন, যা গ্রহণযোগ্য নয়।

এর আগে ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা এবং উত্তর ও মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের ফুটবল সংস্থা কনকাকাফও ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিল। তবে ওয়েলসই প্রথম জাতীয় ফুটবল সংস্থা, যারা প্রকাশ্যে তাঁর পুনর্নির্বাচনের সমর্থন প্রত্যাহারের ঘোষণা দিল।

এদিকে সম্ভাব্য আইনি পদক্ষেপের বিষয়ে ফিফাকে সতর্ক করে উয়েফা চিঠি দিয়েছে। চিঠিতে এ–সংক্রান্ত কোনো নথি বা ডিজিটাল তথ্য ধ্বংস, মুছে ফেলা কিংবা পরিবর্তন না করার আহ্বান জানানো হয়েছে। যদিও ফিফার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়ে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের সত্যতা এখনো নিশ্চিত করেনি উয়েফা।

২০১৬ সালে সেপ ব্লাটারের স্থলাভিষিক্ত হয়ে ফিফার সভাপতি হন ইনফান্তিনো। এরপর তিনি টানা দুইবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। চলতি বছরের এপ্রিলে তিনি চতুর্থ মেয়াদের জন্যও নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। এত দিন তাঁর পুনর্নির্বাচন প্রায় নিশ্চিত বলেই মনে করা হচ্ছিল।

তবে সাম্প্রতিক বিতর্ক এবং সদস্যসংস্থাগুলোর বাড়তে থাকা অসন্তোষের কারণে পরিস্থিতি বদলাতে শুরু করেছে। আগামী বছরের মার্চে মরক্কোয় অনুষ্ঠিতব্য ফিফা কংগ্রেসের আগে ইনফান্তিনোর সামনে এখন আগের চেয়ে অনেক বড় রাজনৈতিক ও কূটনৈতিক চ্যালেঞ্জ তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ