ঠাকুরগাঁও হাসপাতাল থেকে চুরি হওয়া শিশু গাজীপুরে উদ্ধার
ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে চুরি হওয়া শিশুকে আড়াই মাস বয়সী এক শিশুকে গাজীপুর থেকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার (১২ মার্চ) দিবাগত রাতে গাজীপুর জেলার শ্রীপুর থানার মুলাইদ এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় চারজন অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিশুটির নাম সায়ান। সে ঠাকুরগাঁওয়ের ভুল্লী থানার মুজবোল্লি গ্রামের মোঃ শিমুল ইসলামের ছেলে। গত ১০ মার্চ সন্ধ্যা সাড়ে ৬টায় চিকিৎসাধীন অবস্থায় ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে শিশুটিকে চুরি করা হয়।
জানা গেছে, ঘটনার দিনই ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা দায়ের করেন শিশুটির বাবা । পরে বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করে এবং র্যাব-১৩ এর দিনাজপুর ক্যাম্পের ক্রাইম প্রিভেনশন কোম্পানি (সিপিসি)-১ এর নজরে আসে।
এরপর পুলিশের পাশাপাশি, র্যাব-১৩ এর সিপিসি-১ গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং পলাতক অপহরণকারীদের ধরতে ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দিবাগত রাত পৌনে ২টার দিকে শ্রীপুর থানার মুলাইদ এলাকায় যৌথভাবে অভিযান চালায় র্যাব-১৩-এর দিনাজপুর ক্যাম্পের সিপিসি-১ এবং গাজীপুরের র্যাব-১-এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানি। এ সময় তারা শিশুটিকে উদ্ধার এবং অপহরণকারী চারজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন-গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নুলতলা গ্রামের সোনালী আক্তার শিরিন (২০), তার স্বামী একই গ্রামের মো. রাজু কবিরাজ (২২), নেত্রকোণার কলমাকান্দা উপজেলার চকপাড়া গ্রামের মো. লিটন মিয়া (৩৫) ও তার স্ত্রী লাভলী বেগম (৩২)। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে ঠাকুরগাঁও সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ছাড়াও উদ্ধার হওয়া শিশুটিকে তার বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে