শেরপুরে সড়ক দুর্ঘটনায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু
শেরপুরের নকলায় সিএনজিচালিত অটোরিকশা ও একটি ভটভটির মুখোমুখি সংঘর্ষে মায়ের কোল থেকে ছিটকে পড়ে মুজাহিদুল ইসলাম (১৭ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা-মাসহ আরও ছয়জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে নকলা উপজেলার নকলা ইউনিয়নের ধানাকুশা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুজাহিদুল ইসলাম ওই এলাকার মনিরুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিএনজিচালিত অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষের সময় মায়ের কোল থেকে ছিটকে সড়কে পড়ে যায় শিশুটি। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। স্থানীয়রা দ্রুত তাকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মঞ্জুরুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, দুর্ঘটনায় সিএনজিতে থাকা নাহিদ হাসান (১৫) ও জাহানারা বেগম (৫৫) গুরুতর আহত হন। তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া শিশুটির মা নিলুফা ইয়াসমিন (২৫), বাবা মনিরুল ইসলাম (৩০) এবং ফুরকান হামিদ (৩০) আহত হন। তাদের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় ১৭ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। দুর্ঘটনাকবলিত দুটি যানবাহন জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মতামত দিন