Views Bangladesh Logo

ইন্ডাস্ট্রি করুন, গ্যাস আসবে বরিশালে: এনবিআর চেয়ারম্যান

নবিআর মেইড ইন বাংলাদেশকে গুরুত্ব দিচ্ছে জানিয়ে সংস্থাটির চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, ‘আপনারা ইন্ডাস্ট্রি করুন বরিশালে গ্যাস আসবে।‘

শনিবার (১০ ফেব্রুয়ারি) বরিশাল জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ২০২৪-২৫ অর্থবছরের প্রাক-বাজেট নিয়ে ব্যবসায়ী ও প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় জাতীয় রাজস্ব বোর্ডের-এনবিআর চেয়ারম্যান এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম একথা বলেন।

এসময় এনবিআর চেয়ারম্যান বলেন, ‘বরিশাল মোটেও অবহেলিত নয়, এখানে এখন প্রচুর সম্ভাবনা তৈরি হয়েছে। এখানে ইন্ডাস্ট্রি গড়ে উঠলেই গ্যাস চলে আসবে। ভোলা থেকে পাইপলাইনে কিভাবে গ্যাস বরিশালে আসবে তার সব পরিকল্পনাও তৈরি রয়েছে। তার আগে বরিশালে ইন্ডাস্ট্রি তৈরি হতে হবে। শুধু আবাসিক নির্ভর হয়ে গ্যাস আনা সম্ভব নয়। এখানে বরিশালের সব জেলায় শিল্প কারখানা তৈরিতে গুরুত্ব দিতে হবে। এনবিআর এজন্য ব্যবসায়ীদের ২০ বছর পর্যন্ত করমুক্ত সুবিধা দিচ্ছে।‘

তিনি আরও বলেন, ‘ভ্যাট আইনের প্রক্রিয়ায় প্রতিমাসে রিটার্ন দিতে হবে। অনলাইন রিটার্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এজন্য হাতেকলমে প্রশিক্ষণও দেয়া হচ্ছে। আমাদের বর্তমান করদাতা ৩৬ লাখ হয়েছে, আগামী অর্থবছরে এটা ৪০ লাখ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত চার বছরে আড়াই লাখ ভ্যাট রেজিষ্ট্রেশন হয়েছে। আয়কর ও ভ্যাট হিসাবের জটিলতা নিয়ে যারা ভয় পাচ্ছেন, তারা অনলাইনে চলে যান। সেখানে ই অপশন সিস্টেম ব্যবহার করে সহজেই সব হিসাব-নিকেশ পেয়ে যবেন।‘

এসময় বরিশাল চেম্বার কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি জাহাঙ্গীর হোসেন মানিকের সভাপতিত্বে ব্যবসায়ী নেতারা তাদের সমস্যা তুলে ধরেন। আলোচনায় অংশ নেন বরিশাল বিভাগের ৬ জেলা থেকে আগত ব্যবসায়ী নেতারা। এতে আরো উপস্থিত ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার শওকত আলী, জেলা প্রশাসক শহীদুল ইসলাম, পটুয়াখালী চেম্বার কমার্স সভাপতি গিয়াসউদ্দিন, ওমেনস চেম্বার কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এসোসিয়েশনের সভাপতি বিলকিস আহমেদ লিলি ও নারী নেতৃবৃন্দ।

বরিশাল থেকে যেসব লিখিত সুপারিশ করা হয়েছে তা বিবেচনার আশ্বাস দিয়েছেন এনবিআর চেয়ারম্যান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ