শিল্প খাতের ব্যাপক সম্প্রসারণ প্রয়োজন: শিল্পমন্ত্রী
দেশের শিল্প খাতের ব্যাপক সম্প্রসারণ প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, চলমান ও নতুন শিল্প প্রকল্প দ্রুত বাস্তবায়নের মাধ্যমে শিল্পায়নের গতি বাড়াতে হবে।
রোববার (৫ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে বিসিক ভবনে আয়োজিত পাঁচ দিনব্যাপী শিল্প মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বিসিক কর্মকর্তাদের আগামী সাত দিনের মধ্যে শিল্প খাতের উন্নয়নে নির্দিষ্ট ও বাস্তবসম্মত প্রস্তাব জমা দেওয়ার নির্দেশ দেন।
তিনি বলেন, কুটির, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের পরিধি ও অংশগ্রহণ বাড়ানো গেলে কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং আয়বৈষম্য কমবে।
খন্দকার আব্দুল মুক্তাদির জানান, বর্তমানে দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) বিসিকের অবদান ৩৪ শতাংশ। ভবিষ্যতে এই অবদান ৬০ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে বিসিকের অব্যবহৃত শিল্প প্লট দ্রুত যোগ্য উদ্যোক্তাদের মধ্যে বরাদ্দ দেওয়ার নির্দেশ দেন তিনি। একই সঙ্গে দীর্ঘদিন ধরে বরাদ্দ পেয়েও যেসব প্লট পরিত্যক্ত অবস্থায় রয়েছে, সেগুলোর বরাদ্দ বাতিলেরও হুঁশিয়ারি দেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী।
মতামত দিন