ঢাকার মেট্রোরেলের ভূগর্ভস্থ নির্মাণকাজ পেল ভারতীয় টাটা প্রজেক্টস
ঢাকার মেট্রোরেল নেটওয়ার্ক সম্প্রসারণের অংশ হিসেবে ৫ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ ভূগর্ভস্থ রেলপথ নির্মাণের কাজ পেয়েছে ভারতের অবকাঠামো নির্মাণ প্রতিষ্ঠান টাটা প্রজেক্টস। জাপানের নিশিমাতসু কনস্ট্রাকশন ও তোদা করপোরেশনের সঙ্গে যৌথ উদ্যোগে প্রতিষ্ঠানটি এ প্রকল্প বাস্তবায়ন করবে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কাছ থেকে সিপি-০৬ প্যাকেজের আওতায় এই কার্যাদেশ পেয়েছে যৌথ উদ্যোগটি। প্রকল্পের আওতায় মূল ভূগর্ভস্থ রেলপথের পাশাপাশি তিনটি স্টেশন নির্মাণ করা হবে। স্টেশনগুলো হলো খিলক্ষেত, বিমানবন্দর টার্মিনাল-৩ ও বিমানবন্দর স্টেশন। এ ছাড়া রেলপথের উত্তর প্রান্তে একটি শ্যাফট নির্মাণ করা হবে।
প্রকল্পটির চুক্তিমূল্য ৬৫৩ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশ সরকারের সঙ্গে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) অর্থায়ন সহায়তায় এটি বাস্তবায়িত হচ্ছে। নির্মাণকাজ শুরুর পর পাঁচ বছরের মধ্যে প্রকল্পটি সম্পন্ন করার লক্ষ্যমাত্রা রয়েছে বলে জানিয়েছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।
টাটা প্রজেক্টসের এক বিবৃতিতে বলা হয়েছে, এই কার্যাদেশ প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক অবকাঠামো নির্মাণ খাতে অবস্থান আরও শক্তিশালী করবে। বিশেষ করে আন্তর্জাতিক ঠিকাদারি প্রতিষ্ঠান ও সরকারি সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে জটিল নগর রেল অবকাঠামো নির্মাণে তাদের অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ তৈরি হবে।
প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ও প্রধান প্রবৃদ্ধি এবং কৌশলবিষয়ক কর্মকর্তা রাজীব মেনন বলেন, নগরায়ণের প্রসারের সঙ্গে মধ্যপ্রাচ্য, এশিয়া ও উদীয়মান অর্থনীতির দেশগুলোতে মেট্রোরেল ও রেল যোগাযোগ অবকাঠামোয় বিনিয়োগ বাড়ছে। ঢাকার এ প্রকল্প আন্তর্জাতিক পর্যায়ে টাটা প্রজেক্টসের পরিচিতি ও গ্রহণযোগ্যতা বাড়াতে ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, বড় অবকাঠামো প্রকল্প বাস্তবায়নে প্রকৌশলগত দক্ষতা, সময়মতো কাজ সম্পন্ন করা এবং স্থানীয় পর্যায়ে কার্যকর অংশীদারত্ব এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঢাকার মেট্রোরেল প্রকল্পে অংশগ্রহণের মাধ্যমে এসব ক্ষেত্রে নিজেদের সক্ষমতা তুলে ধরতে পারবে টাটা প্রজেক্টস।
উল্লেখ্য, ঢাকার প্রথম ভূগর্ভস্থ মেট্রোরেল ব্যবস্থা গড়ে তুলতে এমআরটি লাইন-১ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এ প্রকল্পের মাধ্যমে রাজধানীর বিমানবন্দর এলাকা, খিলক্ষেতসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোর সঙ্গে নগরীর অন্যান্য এলাকার যোগাযোগব্যবস্থা উন্নত করার পরিকল্পনা রয়েছে। যানজট কমানো এবং গণপরিবহন ব্যবস্থাকে আধুনিক করার বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবেই প্রকল্পটি নেওয়া হয়েছে।
মতামত দিন