Views Bangladesh Logo

নাকভির হাত থেকে কেন ট্রফি নেয়নি ভারত, জানাল বিসিসিআই

Sports Desk

ক্রীড়া ডেস্ক

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মহসিন নাকভির কাছ থেকে নারী এশিয়া কাপের ট্রফি না নেওয়ার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) সচিব দেবজিৎ সাইকিয়া।

২০২৫ সালের এপ্রিলে পেহেলগামে সন্ত্রাসী হামলা এবং এরপর ভারত সরকারের ‘অপারেশন সিঁদুর’ শুরুর পর ভারত-পাকিস্তানের সম্পর্ক আরও অবনতির দিকে যায়। বহুজাতিক টুর্নামেন্টে দুই দল একে অপরের বিপক্ষে খেলা চালিয়ে গেলেও ম্যাচ শেষে হাত মেলানোর রীতি বন্ধ রয়েছে। গত বছর পুরুষ দলও নাকভির কাছ থেকে এশিয়া কাপের ট্রফি নিতে অস্বীকৃতি জানিয়েছিল।

রোববার ফাইনালে শ্রীলঙ্কাকে ৭২ রানে হারানোর পর একই অবস্থান নেয় ভারতীয় নারী দল। তারা এসিসির সহসভাপতি খালিদ আল জারুনির কাছ থেকে ট্রফি নিতে রাজি ছিল। তবে নাকভি নিজের অবস্থান থেকে সরে না আসায় শেষ পর্যন্ত ভারতীয় দলের হাতে ট্রফি ওঠেনি।

আইএএনএসকে সাইকিয়া বলেন, পেহেলগামের ঘটনার পর দেশের মানুষের পক্ষ থেকে পাকিস্তানের সঙ্গে কোনো সম্পর্ক না রাখার এবং ক্রিকেট না খেলার চাপ ছিল। তবে ভারতের সরকারি নীতি হলো বহুজাতিক টুর্নামেন্টে প্রতিটি দেশের বিপক্ষে খেলা। তাই বিসিসিআই সেই নীতি অনুসরণ করেই প্রতিটি দলের বিপক্ষে খেলতে দল পাঠাচ্ছে।

তিনি বলেন, এর অর্থ এই নয় যে ভারত খেলবে এবং পাকিস্তানের দেওয়া সব শর্ত মেনে নেবে। দুই দেশের সম্পর্ক আগে থেকেই খারাপ ছিল, ২০২৫ সালের এপ্রিলের পর তা আরও অবনতি হয়েছে। নাকভি ভারতের স্বার্থের বিরুদ্ধে কাজ করছেন—এমন দাবি করে তাঁর কাছ থেকে ট্রফি নেওয়া সম্ভব নয় বলেও মন্তব্য করেন সাইকিয়া।

বিসিসিআই সচিব বলেন, এক বছর আগে পুরুষদের এশিয়া কাপেও ভারত নাকভির কাছ থেকে ট্রফি নেয়নি। একই পরিস্থিতিতে নারী দলও সেই সিদ্ধান্তের সঙ্গে সংহতি জানিয়েছে।

তবে ফাইনালের সময় রয়্যাল বক্সে নাকভির সঙ্গে নিজের সাক্ষাতের বিষয়টিকে গুরুত্ব দিতে চাননি সাইকিয়া। সেখানে বিসিসিআইয়ের সহসভাপতি রাজীব শুক্লাও উপস্থিত ছিলেন।

সাইকিয়া বলেন, কারও সঙ্গে দেখা না করার বিষয়টি নয়। টস থেকে খেলা শেষ হওয়া পর্যন্ত বিভিন্ন সময়ে রয়্যাল বক্সে উপস্থিত ব্যক্তিদের সঙ্গে দেখা হয়েছে। নাকভিও এসিসির সহসভাপতি খালিদের পাশে এসে বসেছিলেন। এটি স্বাভাবিক প্রক্রিয়া এবং যে-ই আসুক, তার সঙ্গে দেখা করা ও কথা বলায় সমস্যা নেই বলে জানান তিনি।

ট্রফি বিতরণ নিয়ে কোনো আক্ষেপ নেই বলেও জানান সাইকিয়া। তাঁর ভাষায়, পরিস্থিতির সমাধানের চেষ্টা করা হয়েছিল, কিন্তু তা সফল হয়নি। তবে ভারতের লক্ষ্য ছিল ট্রফি কে দেবে, তা নয়; বরং ভারতীয় দল যেন সহজে ম্যাচ জেতে। শেষ পর্যন্ত দল সেই লক্ষ্য পূরণ করেছে।

পুরো এশিয়া কাপে অপরাজিত থেকে শিরোপা জেতায় ভারতীয় নারী দলের প্রশংসা করেন সাইকিয়া। এখন দলের মনোযোগ জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠেয় এশিয়ান গেমসের দিকে। নারীদের টি-টোয়েন্টি ইভেন্ট শুরু হবে ১৭ সেপ্টেম্বর। ১৮ সেপ্টেম্বর কোয়ার্টার ফাইনালে স্বাগতিক জাপানের মুখোমুখি হবে ভারত।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ