বাংলাদেশের আকাশসীমায় ভারতের স্পাইজ জেটের নিষেধাজ্ঞা
বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতের বাজেট এয়ারলাইন স্পাইজ জেটের ওপর আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। বিষয়টি জানিয়েছে এনডিটিভি ও পিটিআই।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের এ সিদ্ধান্তে বিপাকে পড়েছে সংস্থাটি। কলকাতা থেকে উত্তর-পূর্ব ভারতের গুয়াহাটি ও ইম্ফলগামী ফ্লাইটগুলো এখন বাংলাদেশের আকাশপথ এড়িয়ে দীর্ঘ পথ ঘুরে গন্তব্যে পৌঁছাচ্ছে।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, আকাশসীমা ব্যবহারের ফি বাবদ স্পাইজ জেটের কাছে বড় অঙ্কের অর্থ পাওনা রয়েছে। দীর্ঘদিন তাগাদা দেওয়া হলেও বকেয়া পরিশোধ না করায় আকাশপথ ব্যবহারে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার ২৪–এর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার থেকেই স্পাইজ জেটের ফ্লাইটগুলো বাংলাদেশের আকাশসীমা এড়িয়ে বিকল্প রুট ব্যবহার করছে।
এ বিষয়ে সংস্থাটির এক মুখপাত্র জানিয়েছেন, বিষয়টি সমাধানে বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। এক বিবৃতিতে স্পাইজ জেট বলেছে, এটি একটি নিয়মিত ব্যবসায়িক প্রক্রিয়া এবং গঠনমূলক আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে।
খবর প্রকাশের পর শেয়ারবাজারে স্পাইজ জেটের শেয়ারের দামে পতন দেখা গেছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে