Views Bangladesh Logo

রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন দীনেশ ত্রিবেদী

বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেছেন। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন করেন।

এর মধ্য দিয়ে বাংলাদেশে ভারতের ১৬তম হাইকমিশনার হিসেবে দীনেশ ত্রিবেদীর কূটনৈতিক দায়িত্ব পালনের আনুষ্ঠানিক সূচনা হলো।

এর আগে চলতি বছরের এপ্রিলে ভারত সরকার তাকে বাংলাদেশে নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয়। দায়িত্ব গ্রহণের উদ্দেশ্যে গত ৫ জুন তিনি পশ্চিমবঙ্গ থেকে স্থলপথে বাংলাদেশে প্রবেশ করেন।

এদিকে দায়িত্ব গ্রহণের আগেই ভারত সরকার দীনেশ ত্রিবেদীকে বিশেষ প্রটোকল মর্যাদা দিয়েছে। গত ২৪ জুন জারি করা এক সরকারি স্মারকে জানানো হয়, বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালনকালে তাকে আনুষ্ঠানিক প্রটোকলের ক্ষেত্রে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার (ইউনিয়ন ক্যাবিনেট) মন্ত্রীর সমমর্যাদা দেওয়া হবে।

তবে ভারত সরকারের ওই স্মারকে স্পষ্ট করে বলা হয়েছে, এই মর্যাদা কেবল রাষ্ট্রীয় ও আনুষ্ঠানিক অনুষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এটি সম্পূর্ণভাবে দীনেশ ত্রিবেদীর ব্যক্তিগত প্রটোকল মর্যাদা হিসেবে বিবেচিত হবে এবং ভারতের টেবিল অব প্রিসিডেন্সের স্থায়ী কাঠামোয় কোনো পরিবর্তন আনবে না।

কূটনৈতিক মহলে দীনেশ ত্রিবেদীর নিয়োগকে বাংলাদেশ-ভারত সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখা হচ্ছে। দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই তিনি দুই দেশের পারস্পরিক সহযোগিতা, বাণিজ্য, যোগাযোগ এবং জনগণের মধ্যে সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন ইস্যুর মধ্যে নতুন হাইকমিশনারের দায়িত্ব গ্রহণ এবং বাংলাদেশিদের জন্য পুনরায় ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দুই দেশের সম্পর্ককে নতুন গতি দিতে পারে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ