ভারতের ক্রিকেট বোর্ডের নতুন সচিব দেবজিৎ সাইকিয়া
ভারতের ‘বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)’র নতুন সচিব নির্বাচিত হয়েছেন সাবেক ক্রিকেটার ও আইনজীবী দেবজিৎ সাইকিয়া। তিনি এই পদে একমাত্র মনোনীত প্রার্থী ছিলেন।
রোববার (১২ জানুয়ারি) বিসিসিআই এক বিবৃতিতে জানায়, দেবজিৎ সাইকিয়া বিসিসিআই-এর সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন।
৫৫ বছর বয়সী সাইকিয়া, জয় শাহ-এর স্থলাভিষিক্ত হয়েছেন। জয় শাহ সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন।
বিসিসিআই জানায়, ব্যবসায়ী এবং রাজ্যের ক্রিকেট প্রশাসক প্রভতেজ সিং ভাটিয়া বিসিসিআই-এর কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন।
জয় শাহ গত মাসে আইসিসি চেয়ারম্যান হওয়ার পর সাইকিয়ার এই নিয়োগ দেয়া হয়। তিনি এর আগে বিসিসিআই বোর্ডে অন্তর্বর্তীকালীন সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
ক্রিকেট ভক্তদের মধ্যে তুলনামূলকভাবে অপরিচিত সাইকিয়ার খেলার ক্যারিয়ার ছিল মাঝারি মানের। তবে তিনি ভারতের শাসক দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র ঘনিষ্ঠ।
সাইকিয়া ক্রিকেট প্রশাসনে যাত্রা শুরু করেন আসামের একটি ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে, যেখানে নেতৃত্বে ছিলেন বর্তমান আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শর্মা এখন বিজেপি সরকারের অধীনে আসামের মুখ্যমন্ত্রী।
পরবর্তীতে সাইকিয়া এবং শর্মা আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশনে একসঙ্গে কাজ করেন। শর্মা যখন রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন, তখন তিনি সাইকিয়াকে অ্যাডভোকেট জেনারেল বা সরকারের প্রধান আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন।
দেবজিৎ সাইকিয়া একজন উইকেটকিপার-ব্যাটসম্যান ছিলেন এবং প্রথম শ্রেণির ক্রিকেটে আসামের হয়ে চারটি ম্যাচ খেলেন। তবে তার ব্যাটিং পারফরম্যান্স ছিল সামান্য, তিনি মোট ৫৩ রান করেছিলেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে