ভারতের বাজেটে বাংলাদেশের জন্য বরাদ্দ ১২০ কোটি রুপি
ভারতের ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য মোট ২০ হাজার ৫১৬ কোটি রুপি বরাদ্দ দেয়া হয়েছে। এর মধ্যে প্রতিবেশী দেশগুলোর জন্য সহায়তা বাবদ বরাদ্দ দেওয়া হয় ৪ হাজার ৩২০ কোটি রুপি। এই অর্থ থেকে এবারও বাংলাদেশের জন্য ১২০ কোটি রুপি বরাদ্দ দেয়া হয়। ২০২৪–২৫ অর্থবছরেও বাংলাদেশের জন্য ভারতের পক্ষ থেকে এই একই পরিমাণ বরাদ্দ ছিল। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভুটানের জন্য সবচেয়ে বেশি বরাদ্দ রেখেছে ভারত। তবে গতবারের তুলনায় কম হলেও এবার তাদের জন্য বরাদ্দ রাখা হয়েছে ২ হাজার ১৫০ কোটি রুপি। ২০২৪–২৫ অর্থবছরে ভুটানের জন্য বরাদ্দ ছিল ২ হাজার ৫৪৩ কোটি ৪৮ লাখ রুপি। অন্যদিকে মালদ্বীপের জন্য বরাদ্দ ৪০০ কোটি রুপি থেকে বাড়িয়ে ৬০০ কোটি রুপি করা হয়েছে।
আফগানিস্তানের জন্য বরাদ্দ আগের অর্থবছরের তুলনায় কমিয়ে এবার ১০০ কোটি রুপি নির্ধারণ করা হয়েছে। ভারত এখনো তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। তবে সীমিত পরিসরে মানবিক ও অর্থনৈতিক সহায়তা চালিয়ে যাচ্ছে। সম্প্রতি ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি দুবাইয়ে তালেবান প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন, যেখানে বাণিজ্য ও বিকল্প ট্রানজিট রুট নিয়ে আলোচনা হয়।
অন্যদিকে নেপালের জন্য বরাদ্দ অপরিবর্তিত রাখা হয়েছে। গত অর্থবছরে তাদের জন্য বরাদ্দ ৭০০ কোটি ছিল। এ ছাড়া এবারের বাজেটে শ্রীলঙ্কা ও মিয়ানমারের জন্য বরাদ্দ বাড়ানো হয়েছে।
শ্রীলঙ্কার জন্য বরাদ্দ ২৪৫ কোটি থেকে বাড়িয়ে ৩০০ কোটি এবং মিয়ানমারের জন্য বরাদ্দ ২৫০ কোটি থেকে বাড়িয়ে ৩৫০ কোটি রুপি নির্ধারণ করা হয়েছে।
আফ্রিকার দেশগুলোর জন্য বরাদ্দ ২০০ কোটি থেকে বাড়িয়ে ২২৫ কোটি রুপি করা হয়েছে, যা জি২০-তে আফ্রিকান ইউনিয়নের অন্তর্ভুক্তির প্রতিফলন। লাতিন আমেরিকার জন্য সহায়তা ৩০ কোটি থেকে দ্বিগুণ করে ৬০ কোটি রুপি নির্ধারণ করা হয়েছে।
বৈদেশিক সহায়তা বাবদ ভারতের বরাদ্দকৃত এই অর্থ দিয়ে জলবিদ্যুৎ প্রকল্প, বিদ্যুৎ সঞ্চালন লাইন, সড়ক, সেতু এবং সমন্বিত চেকপোস্টসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে জানা গেছে।
অপরদিকে সফট পাওয়ার কূটনীতির অংশ হিসেবে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর)-এর জন্য বরাদ্দ করা হয়েছে ৩৫১ কোটি রুপি এবং আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মসূচির জন্য বরাদ্দ ১,২৪৭ কোটি রুপি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে