Views Bangladesh Logo

সোনাটিলা সীমান্তে ১৩ বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ

 VB  Desk

ভিবি ডেস্ক

সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল সোনাটিলা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের অভিযোগে অন্তত ১৩ বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ।

রোববার (২২ ডিসেম্বর) রাতে তাদের ধরে নিয়ে যাওয়ার পর সোমবার বিএসএফ ভারতের মেঘালয় রাজ্যের জুয়াই পুলিশ স্টেশনে তাদের হস্তান্তর করেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

তাৎক্ষণিকভাবে আটকদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

তবে এ বিষয়ে আটকদের পরিবারের পক্ষ থেকে গোয়াইনঘাট ও জৈন্তাপুর থানাপুলিশের কাছে লিখিতভাবে জানানো হয়নি।

সূত্র জানায়, রোববার রাত ৮টার দিকে সিলেটের তামাবিল সোনাটিলা সীমান্ত এলাকার ওপারে অবৈধভাবে অবস্থানকালে ১৩ বাংলাদেশিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আটক করে। পরদিন (২৩ ডিসেম্বর) দুপুরে ভারতীয় পুলিশের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। তবে আটকা পড়া বাংলাদেশিরা গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, ‘স্থানীয় কয়েকজন যুবককে বিএসএফ আটক করেছে বলে খবর শুনেছি। এর মধ্যে একজন গোয়াইনঘাটের ও বাকি ১২ জন জৈন্তাপুর উপজেলার। তবে অফিসিয়ালি কেউ কিছু আমাদের জানায়নি। ফলে আটকদের নাম-পরিচয়ও পাওয়া যায়নি।’

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, ‘তারা মনে হয় চোরাচালান করতে গিয়েছিল। তবে তাদের পরিবার বা বিএসএফয়ের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ