Views Bangladesh Logo

কলম্বোয় ভারত–পাকিস্তান মহারণ আজ

Sports Desk

ক্রীড়া ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপে আগামীকাল (১৫ ফেব্রুয়ারি) চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কার কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে। সব অনিশ্চয়তা কাটিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচ ঘিরে ক্রিকেটবিশ্বে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে।

৩৫ হাজার আসনের স্টেডিয়ামের সব টিকিট বিক্রি হয়ে গেছে। কালোবাজারে টিকিট চার গুণ দামে বিক্রি হচ্ছে বলে জানা গেছে। টিআরটি ওয়ার্ল্ড ও বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, রাজনৈতিক টানাপোড়েন, বাংলাদেশের বিদায় নিয়ে বিতর্ক এবং পাকিস্তানের সম্ভাব্য বয়কটের ঘোষণা—সব মিলিয়ে ম্যাচটির প্রতি আগ্রহ বেড়েছে।

রোববার সন্ধ্যায় শুরু হতে যাওয়া এই ম্যাচ টিভি দর্শকের রেকর্ড ভাঙতে পারে বলে ধারণা করা হচ্ছে। সাধারণভাবে ভারত–পাকিস্তান ম্যাচ শত কোটি দর্শক টানে বলে প্রচলিত ধারণা রয়েছে, যদিও আইসিসির যাচাই অনুযায়ী সবচেয়ে বেশি দর্শক ছিল ২০১১ বিশ্বকাপের ফাইনালে—৫৫ কোটি ৮০ লাখ।

ম্যাচকে ঘিরে কলম্বোয় পর্যটকদের ঢল নেমেছে। রয়টার্স জানায়, হঠাৎ চাহিদা বেড়ে যাওয়ায় ফ্লাইট ও হোটেল ভাড়া কয়েক গুণ বেড়েছে। সাধারণত ১০০–১৫০ ডলারের হোটেলভাড়া এখন সর্বোচ্চ ৬৬০ ডলার পর্যন্ত উঠেছে। চেন্নাই থেকে কলম্বো রুটে বিমানভাড়া তিনগুণ হয়ে ৬২৩–৭৫৬ ডলার এবং দিল্লি থেকে প্রায় ৫০ শতাংশ বেড়ে ৬৬৬ ডলারে পৌঁছেছে।

শ্রীলঙ্কা ইনবাউন্ড ট্যুর অপারেটরসের সভাপতি নালিন জয়াসুন্দেরা জানিয়েছেন, অধিকাংশ হোটেল প্রায় পূর্ণ। অনেক সমর্থক ১৫০০–২০০০ ডলারের ‘অল-ইনক্লুসিভ’ প্যাকেজে আসছেন। শ্রীলঙ্কা পর্যটন কর্তৃপক্ষের চেয়ারম্যান বুদ্ধিকা হেওয়াসাম বলেন, প্রথম ১০ দিনে আসা প্রায় এক লাখ দর্শনার্থীর ২০ শতাংশই এই ম্যাচ উপলক্ষে দেশটিতে এসেছে।

বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হওয়া ম্যাচে জয়ী দল উঠবে সুপার এইটে। ‘এ’ গ্রুপে দুই দলই দুটি করে ম্যাচ জিতেছে। দীর্ঘদিন দ্বিপক্ষীয় সিরিজ না থাকায় এখন ভারত ও পাকিস্তান কেবল বৈশ্বিক বা আঞ্চলিক টুর্নামেন্টেই নিরপেক্ষ ভেন্যুতে মুখোমুখি হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ