Views Bangladesh Logo

এবারও হাত মেলালেন না ভারত-পাকিস্তান অধিনায়ক

Sports Desk

ক্রীড়া ডেস্ক

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কলম্বোর প্রেমাদাসায় মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। তবে মাঠের লড়াই শুরুর আগে আলোচনায় উঠে আসে সেই পুরোনো ‘হ্যান্ডশেক ইস্যু’। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা। কিন্তু টস শেষে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে হাত মেলাননি তিনি। অর্থাৎ, এশিয়া কাপের পর বিশ্বকাপেও সৌজন্য দেখালেন না দুই চিরবৈরী দেশের অধিনায়করা।

গত বছর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এশিয়া কাপে তিনবার মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। তিন ম্যাচেই টস বা ম্যাচ শেষে ক্রিকেটারদের করমর্দন না করার বিরল দৃশ্য দেখেছিল ক্রিকেট বিশ্ব। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চেও সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। গতকাল সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রশ্ন করা হলে দুই অধিনায়কই কৌশলী উত্তর দিয়েছিলেন। কিন্তু আজ মাঠে প্রমাণ মিলল, বরফ গলেনি।

কিছুদিন আগে লাহোরে বিসিবি, পিসিবি ও আইসিসির ত্রিপক্ষীয় বৈঠকে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) দাবি জানিয়েছিল, বিশ্বকাপের এই ম্যাচে যেন দুই দলের ক্রিকেটাররা করমর্দন করেন। কিন্তু আইসিসির কাছে করা সেই দাবি বা সৌজন্যবোধ কোনোটিই টিকল না।

এই ম্যাচ নিয়ে কদিন আগেও ছিল ঘোর অনিশ্চয়তা। বাংলাদেশ বিশ্বকাপে অংশ না নেওয়ায় তাদের সমর্থনে ভারত ম্যাচ বয়কটের ডাক দিয়েছিল পাকিস্তান সরকার। তবে লাহোরের ত্রিপক্ষীয় বৈঠক শেষে সেই সিদ্ধান্ত থেকে ‘ইউটার্ন’ নেয় পাকিস্তান এবং শেষ পর্যন্ত মাঠে নামার সিদ্ধান্ত নেয়।

পরিসংখ্যানের পাতায় অবশ্য যোজন যোজন এগিয়ে ভারত। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৬ বারের লড়াইয়ে ভারত জিতেছে ১৩টি, যেখানে পাকিস্তানের জয় মাত্র ৩টি। বিশ্বকাপে ভারতের আধিপত্য আরও একচেটিয়া (৭-১)।

এদিকে বৃষ্টির শঙ্কাও রয়েছে। ম্যাচটি পরিত্যক্ত হলে দুই দলই ১টি করে পয়েন্ট পাবে। বর্তমানে ‘এ’ গ্রুপে উভয়ের ঝুলিতে ৪ পয়েন্ট। ফলে পয়েন্ট ভাগাভাগি হলে ৫ পয়েন্ট নিয়ে ভারত ও পাকিস্তান উভয়েই সুপার এইট নিশ্চিত করবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ