Views Bangladesh Logo

বাংলাদেশ-ভারত বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারে ঢাকায় ভারতীয় বাণিজ্য প্রতিনিধিদল

বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে ভারতের শিল্পপ্রতিষ্ঠানগুলোর শীর্ষ পর্যায়ের একটি ১৪ সদস্যের প্রতিনিধিদল তিন দিনের সফরে ঢাকায় এসেছে। ভারতের শিল্প খাতের সংগঠন কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) উদ্যোগে ১৭ থেকে ১৯ আগস্ট পর্যন্ত এ সফর অনুষ্ঠিত হচ্ছে। দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র খুঁজে বের করাই এ সফরের মূল উদ্দেশ্য।

সিআইআইয়ের মহাপরিচালক চন্দ্রজিৎ ব্যানার্জির নেতৃত্বে আসা প্রতিনিধিদলে ভারতের বিভিন্ন খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের ব্যবসায়ী নেতারা রয়েছেন। প্রতিনিধিদলে ভারত বায়োটেক, ইনফ্রাভিশন ফাউন্ডেশন, গোদরেজ ইন্ডাস্ট্রিজ, অরবিন্দ লিমিটেড, এলএমডব্লিউ গ্লোবাল, মাহিন্দ্রা গ্রুপ, লারসেন অ্যান্ড টুবরো (এলঅ্যান্ডটি), ফোর্বস মার্শাল, নুমালিগড় রিফাইনারি লিমিটেড, অ্যাপোলো হাসপাতাল ও ইন্ডিয়ান অয়েল করপোরেশনের প্রতিনিধিরা রয়েছেন। সিআইআই সচিবালয়ের কর্মকর্তারাও প্রতিনিধিদলের সঙ্গে রয়েছেন।

সফরকালে ভারতীয় প্রতিনিধিদলটি অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠক করবে। এসব বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো, ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে যোগাযোগ জোরদার করা এবং অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করার বিষয়ে আলোচনা হবে।

সফরের অংশ হিসেবে প্রতিনিধিদলটি বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) আয়োজিত একটি মধ্যাহ্নভোজসভায়ও অংশ নেবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। সেখানে ভারতের ব্যবসায়ী নেতারা বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।

সফরের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের দীর্ঘদিনের বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও শিল্প সহযোগিতা সম্প্রসারণের নতুন সুযোগ তৈরির পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা এবং দুই দেশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে আরও ঘনিষ্ঠ যোগাযোগ তৈরিতে গুরুত্ব দেওয়া হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ