৩১ মাওবাদী বিদ্রোহীকে হত্যা করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী
ভারতের ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে অন্তত ৩১ জন সন্দেহভাজন মাওবাদী বিদ্রোহী। রাজ্যটির গভীর বনে লুকিয়ে থাকা বিদ্রোহীদের নির্মূলে গত চারদিন ধরে অভিযান চালাচ্ছে সেনারা।
পুলিশ জানায়, শুক্রবার (৪ অক্টোবর) ছত্রিশগড় রাজ্যের নারায়ণপুর এবং দান্তেওয়াড়া জেলার সীমান্তে আভুজমাদ বনাঞ্চলে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। ভারতীয় সেনারা গভীর বনটিতে প্রায় ৫০ জন সন্দেহভাজন বিদ্রোহীকে কোণঠাসা করে ফেললে দুইপক্ষে লড়াই শুরু হয়।
রাজ্য পুলিশের ইন্সপেক্টর জেনারেল পাতিলিঙ্গম সুন্দররাজ জানান, বৃহস্পতিবার (৩ অক্টোবর) অভিযান শুরু হয় এবং পরদিন প্রায় নয় ঘণ্টা বন্দুকযুদ্ধ চলে। তিনি বলেন, সেনারা স্বয়ংক্রিয় রাইফেল সহ কিছু অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে।
ভারতীয় মিডিয়া যুদ্ধের পরের ভিডিও এক্স-এ পোস্ট করলেও বিদ্রোহীদের তাৎক্ষণিক কোনো বিবৃতি পাওয়া যায়নি।
ভারতীয় সৈন্যরা ১৯৬৭ সাল থেকে মাওবাদী বিদ্রোহীদের সাথে বেশ কয়েকটি রাজ্যে লড়াই করছে, যে জঙ্গিরা নকশাল নামেও পরিচিত। দেশের দরিদ্র আদিবাসী সম্প্রদায়ের জন্য প্রাকৃতিক সম্পদ ও জমির অধিকার এবং আরও চাকরির দাবিতে লড়াই বিদ্রোহীরা। তারা চীনা বিপ্লবী নেতা মাও সেতুংয়ের আদর্শে অনুপ্রাণিত।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে