রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অভিনন্দন বার্তা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শুক্রবার (২১ আগস্ট) পাঠানো এক বার্তায় তিনি এই অভিনন্দন জানান।
বার্তায় দ্রৌপদী মুর্মু লেখেন, বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তিনি মির্জা ফখরুলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছেন এবং তার দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক জীবনের অভিজ্ঞতা বাংলাদেশের জনগণের সেবায় একটি সফল মেয়াদের ইঙ্গিত দেয় বলে তিনি আশাবাদী।
ভারত ও বাংলাদেশের সম্পর্ককে ‘অনন্য’ আখ্যা দিয়ে বার্তায় বলা হয়, ত্যাগের অভিন্ন ইতিহাস, ঘনিষ্ঠ সাংস্কৃতিক বন্ধন ও উষ্ণ সৌহার্দ্যের ভিত্তিতে গড়ে ওঠা এই সম্পর্ক সাম্প্রতিক সময়ে জ্বালানি, প্রযুক্তি, যোগাযোগ, তারুণ্য বিষয়ক কার্যক্রম, স্বাস্থ্য ও শিক্ষাসহ একাধিক ক্ষেত্রে ক্রমাগত সম্প্রসারিত হয়েছে। প্রতিবেশী দুই দেশের মধ্যকার এই অংশীদারত্ব আরও জোরদার করতে মির্জা ফখরুলের সঙ্গে একযোগে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন দ্রৌপদী মুর্মু।
বার্তার শেষাংশে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য ও কল্যাণ, তার দায়িত্ব সফলভাবে পালন এবং বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন ভারতের রাষ্ট্রপতি।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন তাকে বিজয়ী ঘোষণা করার পর নির্বাচন কমিশন এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এর একদিন পর শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাকে শপথ পাঠ করান জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। গত ২৪ জুলাই আওয়ামী লীগ আমলে নির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর সংবিধান অনুসারে অন্তর্বর্তীকালীন সময়ে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
মতামত দিন