Views Bangladesh Logo

চট্টগ্রাম বিমানবন্দরে ১ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১ কোটি টাকা মূল্যের স্বর্ণসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।

শনিবার (১ আগস্ট) সকালে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে এয়ার এরাবিয়ার জি-৯-৫২৬ ফ্লাইটে চট্টগ্রামে পৌঁছান ওই যাত্রী।

আটক ব্যক্তির নাম থামিম আনসারি। তার পাসপোর্ট অনুযায়ী, তিনি ভারতের তামিলনাড়ু রাজ্যের বাসিন্দা।

কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, সকাল ৬টা ৫৮ মিনিটে বিমানটি অবতরণের পর গ্রিন চ্যানেল দিয়ে বের হওয়ার সময় গোয়েন্দা দল থামিম আনসারিকে শনাক্ত করে। পরে দেহ তল্লাশি চালিয়ে তার অন্তর্বাসের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ক্যাপসুল আকৃতির স্বর্ণ উদ্ধার করা হয়।

জব্দ করা স্বর্ণের মোট ওজন প্যাকেটসহ ৪৫৫ গ্রাম। প্যাকেজিং অপসারণের পর প্রকৃত স্বর্ণের পরিমাণ ও বিশুদ্ধতা নির্ধারণে স্বর্ণকারের সহায়তায় পরীক্ষা চলছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। প্রাথমিকভাবে উদ্ধার হওয়া স্বর্ণের বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল জানান, আটক যাত্রীর বিরুদ্ধে শুল্ক আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি তার বিরুদ্ধে একটি ফৌজদারি মামলাও দায়েরের প্রস্তুতি চলছে।

এর আগে, ৩১ জুলাই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ অভিযানে প্রায় ২ কোটি ৪ লাখ টাকা মূল্যের বিদেশি সিগারেট, স্বর্ণালংকার, নিষিদ্ধ গৌরী ক্রিম ও বিদেশি মদ জব্দ করেছিল কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ