শাহজালাল বিমানবন্দরে ৩ কেজি কুশসহ ভারতীয় গ্রেপ্তার
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩ কেজি ‘কুশ’ (গাঁজাজাতীয় মাদক) সহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
শনিবার (২২ আগস্ট) বিকেলে বিমানবন্দরের আগমনী টার্মিনালের গ্রিন চ্যানেল থেকে তাকে আটক করা হয় বলে রাতে ডিএনসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আটক ব্যক্তির নাম হোসেন আব্দুল কাদের শেখ (৪৮)। তিনি থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ব্যাঙ্কক থেকে ঢাকায় আসেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, একটি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে সহকারী পরিচালক আবু সাঈদ মিয়ার নেতৃত্বে ডিএনসির একটি বিশেষ দল বেলা ২টার দিকে বিমানবন্দরের গ্রিন চ্যানেলে অবস্থান নেয়। ফ্লাইট থেকে নামার পর সন্দেহজনক আচরণের কারণে কাদেরকে আটক করা হয়। পরবর্তীতে বিমানবন্দরে উপস্থিত বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের সামনে তার ট্রলি ব্যাগ তল্লাশি করে কাপড়ের নিচে বিশেষভাবে লুকানো ৩ কেজি কুশ উদ্ধার করা হয়।
সংস্থাটি আরও জানায়, তল্লাশিকালে তার কাছ থেকে মাদকের পাশাপাশি একটি মোবাইল ফোন, ৪০০ মার্কিন ডলার, ১ হাজার ৫৫০ থাই বাত এবং ৪০০ ভারতীয় রুপি জব্দ করা হয়েছে।
মতামত দিন