যশোরে সাড়ে ছয় কোটি টাকার হীরাসহ ভারতীয় নাগরিক আটক
যশোরে বিপুল পরিমাণ হীরা ও বৈদেশিক মুদ্রাসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ছয় কোটি ৬২ লাখ টাকা।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে যশোর সদর উপজেলার নতুনহাট বাজার সংলগ্ন এলাকা থেকে ভারতীয় ওই নাগরিককে আটক করা হয়। আটক ব্যক্তির নাম সুজা উদ্দিন (৫২)। তিনি ভারতের তামিলনাড়ু রাজ্যের আবু বক্করের ছেলে।
বিকেলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট বাজারে তল্লাশি অভিযান চালানো হয়। বেনাপোলগামী একটি বাসে তল্লাশি চালিয়ে সুজা উদ্দিনকে আটক করা হয়। তার কাছ থেকে ১৫৫ দশমিক ৭৬ গ্রাম ওজনের হীরা ও কিছু বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়। বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষা করে হীরার সত্যতা নিশ্চিত করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, ঢাকা থেকে হীরা সংগ্রহ করে বেনাপোল সীমান্ত দিয়ে কলকাতায় পাচারের উদ্দেশে নিয়ে যাচ্ছিলেন তিনি।
বিজিবি জানায়, গত এক মাসে সুজা উদ্দিন থাইল্যান্ড, মালয়েশিয়া, বাংলাদেশ ও ভারতে একাধিকবার যাতায়াত করেছেন। বিজিবি অধিনায়কের দেওয়া তথ্যমতে জব্দ হীরার বাজারমূল্য ছয় কোটি ৬১ লাখ ৩৯ হাজার ৫১০ টাকা এবং উদ্ধার করা বৈদেশিক মুদ্রার মূল্য পাঁচ হাজার ৫৩০ টাকা।
আটক সুজা উদ্দিনের বিরুদ্ধে যশোর কোতোয়ালি মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এ ছাড়া জব্দ হীরা ও মুদ্রা নিয়ম অনুযায়ী যশোরের ট্রেজারিতে জমা দেওয়া হবে বলে জানিয়েছে বিজিবি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে