মৌলভীবাজার সীমান্তে ‘বন্দুকযুদ্ধের’ পর ভারতীয় নাগরিক আটক: বিজিবি
মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে আহত এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৫০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
বৃহস্পতিবার রাতে বড়লেখার কুমারশাইল সীমান্ত এলাকায় সন্দেহভাজন চোরাকারবারিদের একটি দলের সঙ্গে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিজিবি।
বিজিবি-৫২ ব্যাটালিয়নের (বিয়ানীবাজার) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান জানান, ভারতীয় কয়েকজন চোরাকারবারি কুমারশাইল সীমান্ত দিয়ে বাংলাদেশে মাদক ও আগ্নেয়াস্ত্র পাচার করছে—এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১০টার দিকে বিজিবির একটি টহল দল ওই এলাকায় অবস্থান নেয়।
কিছুক্ষণ পর সন্দেহভাজন চোরাকারবারিদের একটি দল সেখানে এলে বিজিবি সদস্যরা তাদের থামার নির্দেশ দেন।
বিজিবির দাবি, এ সময় ওই দলটি সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরাও পাল্টা গুলি চালান।
বিজিবি জানায়, একপর্যায়ে সন্দেহভাজন চোরাকারবারিরা পালিয়ে যায়। তবে গুলিবিদ্ধ অবস্থায় বলাই দাস নামে একজন ঘটনাস্থলে পড়ে থাকেন। পরে তাকে আটক করা হয়। তিনি ভারতীয় নাগরিক বলে জানিয়েছে বিজিবি।
আটক বলাই দাসের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৫০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
এদিকে, কথিত চোরাকারবারি চক্রের পালিয়ে যাওয়া অন্য সদস্যদের শনাক্ত ও আটকের জন্য অভিযান চলছে বলে জানিয়েছে বিজিবি।
মতামত দিন