দিল্লিতে মণিপুরি সংগীতশিল্পীকে পিটিয়ে হত্যা
ভারতের নয়াদিল্লিতে এক মণিপুরি সংগীতশিল্পীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। দিল্লির দক্ষিণ-পূর্বাঞ্চলের কিলোকরি এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার এবং ১৫ বছরের এক কিশোরকে আটক করেছে দিল্লি পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, নিহত বিক্রম সিং চোংথাম (৫৪) মণিপুরে পাশ্চাত্য সংগীতের অন্যতম পথিকৃৎ এবং বিখ্যাত গিটারিস্ট হিসেবে সমাদৃত ছিলেন। বিগত ১৭ বছর ধরে তিনি পরিবার নিয়ে দিল্লিতে বসবাস করছিলেন এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানে সংগীত শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, রবিবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ময়লা ফেলতে বাসার নিচে নামেন বিক্রম সিং। ওই সময় পাশের দুটি রেস্তোরাঁর আট থেকে নয়জন কর্মী চিৎকার-চেঁচামেচি করছিলেন। বিক্রম সিং এর প্রতিবাদ জানালে তাদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়।
এক পর্যায়ে ক্ষুব্ধ যুবকরা তাকে তাড়া করলে তিনি নিজের ফ্ল্যাটের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু হামলাকারীরা ফ্ল্যাটের সিঁড়ির করিডোরে তাকে এলোপাতাড়ি লাথি ও ঘুসি মেরে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে সোমবার সকাল ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনার পরপরই সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তিগত নজরদারির মাধ্যমে জড়িতদের শনাক্ত করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে পাঁচজন একটি স্থানীয় ধাবা এবং একজন পিৎজা দোকানের কর্মী।
এদিকে এই নৃশংস হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে কিলোকরি এলাকায় তীব্র অসন্তোষ দেখা দেয়। বিচারের দাবিতে সোমবার সন্ধ্যায় মোমবাতি মিছিল নিয়ে রাজপথে নামেন দিল্লিতে বসবাসরত উত্তর-পূর্ব ভারতের শতাধিক বাসিন্দা।
সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মণিপুরের সাবেক মুখ্যমন্ত্রী এন বীরেন সিং।
মতামত দিন