Views Bangladesh Logo

ভারতীয় মেডিকেল টিমের বাংলাদেশ সফর সম্পন্ন, ফিরে গেলেন বিশেষজ্ঞরা

 VB  Desk

ভিবি ডেস্ক

ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনার পর, বিশেষায়িত চিকিৎসা সহায়তার অংশ হিসেবে বাংলাদেশে আগত ভারতীয় মেডিকেল টিম তাদের কার্যক্রম সম্পন্ন করে সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় নিজ দেশে ফিরে গেছে।

ভারতের দুটি শীর্ষস্থানীয় হাসপাতাল—নয়াদিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতাল এবং সফদরজং হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত চার সদস্যের এই দলটি গত ২৩ জুলাই বাংলাদেশে এসেছিল। এর আগে ২১ জুলাই সংঘটিত দুর্ঘটনার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে দ্রুত সহায়তার আশ্বাস আসে।

সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকায় অবস্থানকালে ভারতীয় মেডিকেল টিমটি জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে (এনআইবিপিএস) বাংলাদেশি চিকিৎসকদের সঙ্গে সমন্বয়ে কাজ করে। দুর্ঘটনায় আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে বিশেষজ্ঞ মতামত প্রদানসহ পরামর্শমূলক চিকিৎসা সহায়তা দেয় দলটি।

ভারতীয় টিম এনআইবিপিএস-এ প্রদত্ত চিকিৎসা কার্যক্রমের প্রশংসা করে জানায়, সংকটপূর্ণ পরিস্থিতিগুলো দক্ষতার সঙ্গে সামাল দেয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে আরও উন্নত চিকিৎসা প্রয়োজন হলে ভারত প্রস্তুত রয়েছে বলেও জানায় তারা।

এই সফর দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সহমর্মিতা ও আস্থার প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে। ভারতের চিকিৎসা সহায়তা বাংলাদেশের স্বাস্থ্যখাতে একটি আন্তঃদেশীয় সহযোগিতার উদাহরণ হিসেবে উঠে এসেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ