শপথ অনুষ্ঠানে আসছেন ভারতের স্পিকার ওম বিড়লা
ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা আগামী ১৭ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নেবেন। তিনি ভারতের সরকারের প্রতিনিধিত্ব করবেন। শপথ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বে নবনির্বাচিত সরকারের।
রোববার (১৫ ফেব্রুয়ারি) ভারতের সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, স্পিকারের উপস্থিতি ভারত ও বাংলাদেশের জনগণের গভীর ও দীর্ঘস্থায়ী বন্ধুত্বের প্রতীক হিসেবে মূল্যায়িত হবে। একই সঙ্গে এটি দুই দেশের মধ্যে থাকা গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি ভারতের দৃঢ় সমর্থনের পুনর্ব্যক্তিও হিসেবে গণ্য করা হচ্ছে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, অভিন্ন ইতিহাস, সংস্কৃতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধে যুক্ত প্রতিবেশী দুই দেশ হিসেবে ভারত নবনির্বাচিত সরকারের অধীনে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে স্বাগত জানাচ্ছে। পাশাপাশি জনগণের বিপুল সমর্থনে গঠিত নতুন সরকারের প্রতি ভারতের শুভকামনা জানানো হয়।
প্রাথমিকভাবে আলোচনা ছিল, ভারতের পক্ষ থেকে উপ-রাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণান অথবা পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকা সফরে আসতে পারেন। তবে শেষ মুহূর্তে লোকসভার স্পিকার ওম বিড়লার সফর চূড়ান্ত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এর মাধ্যমে নয়াদিল্লি নতুন সরকারের সঙ্গে সম্পর্ক বজায় রাখার কূটনৈতিক গুরুত্বও তুলে ধরছে বলে বিশ্লেষকদের ধারণা।
নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে ড. ইউনূস চীন, ভারত, পাকিস্তানসহ ১৩টি দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে