Views Bangladesh Logo

ভারতীয় কিংবদন্তি সৌরভ গাঙ্গুলি ও তার স্ত্রীকে প্রাণনাশের হুমকি

Sports Desk

ক্রীড়া ডেস্ক

ভারতের সাবেক অধিনায়ক ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলি এবং তার স্ত্রী ডোনা গাঙ্গুলিকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। গত কয়েক মাস ধরে একের পর এক হুমকি দিয়ে লেখা চিঠি পাওয়ার পর অবশেষে পুলিশের দ্বারস্থ হয়েছেন সাবেক এই তারকা ক্রিকেটার।

সোমবার (১০ আগস্ট) দক্ষিণ কলকাতার ঠাকুরপুকুর থানায় এ বিষয়ে একটি লিখিত অভিযোগ করেছেন সৌরভ গাঙ্গুলি। বর্তমানে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কলকাতা পুলিশ জানিয়েছে, তাদের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি।

বার্তা সংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, চিঠিগুলোর উৎস এবং কারা এর পেছনে জড়িত তা বের করতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গেছে, গত ছয় মাস ধরে বিভিন্ন সময় সৌরভের নামে বেনামি চিঠি আসছিল। শুরুতে বিষয়টিকে গুরুত্ব না দিলেও সোমবার সিএবি দপ্তরে আসা দুটি চিঠির একটি পড়ে শঙ্কা প্রকাশ করেন তিনি। ওই চিঠিতে তাকে, তার স্ত্রী ডোনাসহ নিকট আত্মীয়দের সরাসরি হত্যার হুমকি দেওয়া হয়।

এ বিষয়ে জ্যেষ্ঠ এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে গ্রহণ করে পুলিশ তদন্তে নেমেছে। পুরো বিষয়টি উন্মোচনে প্রেরক ও মূল অভিযুক্তকে দ্রুত শনাক্ত করতে চিঠির বিষয়বস্তু, প্রাপ্তির মাধ্যম এবং কুরিয়ার ট্রেইল পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হচ্ছে।

পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, হুমকিযুক্ত চিঠিগুলো পাঠানো হয়েছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। সন্দেহভাজন মূল ব্যক্তি উত্তর চব্বিশ পরগণা জেলার বেলগাড়িয়া এলাকার বলে ধারণা করা হচ্ছে।

তদন্তের স্বার্থে সন্দেহভাজন ব্যক্তির ব্যবহৃত সিমকার্ডের গতিবিধি খতিয়ে দেখছে পুলিশ। এর পাশাপাশি পার্সেল চালানের বিস্তারিত তথ্য সংগ্রহ করতে সংশ্লিষ্ট কুরিয়ার কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সব চিঠি একই ব্যক্তির মাধ্যমে পাঠানো হয়েছে কি না এবং প্রাণনাশের হুমকির পেছনের প্রকৃত কারণ কী, তা উদ্ঘাটনে কাজ করছে আইনশৃঙখলা বাহিনী।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ