Views Bangladesh Logo

ভারতীয় হাইকমিশনারের অবস্থানকে ইতিবাচক বললেন তথ্য উপদেষ্টা

বাংলাদেশ ও ভারতের মধ্যে কিছু অমীমাংসিত বিষয় রয়েছে—ভারতীয় হাইকমিশনারের এমন স্বীকৃতিকে ইতিবাচক হিসেবে দেখছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক ব্রিফিংয়ে সম্প্রতি ভারতীয় হাইকমিশনারের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে উত্থাপিত বিভিন্ন বিষয়ে ভারতীয় হাইকমিশনারের প্রতিক্রিয়া জানতে চাইলে জাহেদ উর রহমান বলেন, তিনি বিষয়গুলো শুনেছেন এবং দুই দেশের মধ্যে কিছু ইস্যু রয়েছে বলে স্বীকার করেছেন। উপদেষ্টার মতে, ভারতীয় হাইকমিশনারের এই অবস্থানকে ইতিবাচকভাবে দেখার সুযোগ রয়েছে।

তবে অমীমাংসিত বিষয় থাকা সত্ত্বেও দুই দেশের সম্পর্ক ও যোগাযোগ বাড়ানোর ওপর ভারতীয় হাইকমিশনার গুরুত্ব দিয়েছেন বলে জানান তথ্য উপদেষ্টা।

জাহেদ উর রহমান বলেন, ভারতীয় হাইকমিশনার সম্পর্ক উন্নয়ন ও পারস্পরিক যোগাযোগ বাড়ানোর বিষয়ে গুরুত্ব দিয়েছেন। বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে তিনি বোঝানোর চেষ্টা করেছেন, কিছু বিষয়ে বাংলাদেশের মানুষের সংবেদনশীলতা রয়েছে এবং এসব ক্ষেত্রে ভারতের পক্ষ থেকে ইতিবাচক ভূমিকা গুরুত্বপূর্ণ।

এ প্রসঙ্গে তিনি শেখ হাসিনার একটি সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে বাংলাদেশে তৈরি হওয়া ক্ষোভের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, ওই সংবাদ সম্মেলনের পর আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট আরেকটি সংবাদ সম্মেলন বাতিল হয়েছিল। এ ধরনের কিছু ক্ষেত্রে ভারতের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।

তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা আশা প্রকাশ করেন, দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে বিদ্যমান সংবেদনশীল বিষয়গুলো নিয়ে ভারতীয় হাইকমিশনার ইতিবাচকভাবে কাজ করবেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ