ডেপুটি স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে ডেপুটি স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক, সংসদীয় কূটনীতি, তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং সংসদীয় কার্যক্রম আধুনিকায়নসহ পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সাক্ষাতের শুরুতে জাতীয় সংসদ ভবনের স্থাপত্যশৈলীর প্রশংসা করেন দীনেশ ত্রিবেদী। তিনি বাংলাদেশ ও ভারতের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে বলেন, দুই দেশ অভিন্ন ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য ও পারস্পরিক স্বার্থের বন্ধনে আবদ্ধ। এ সম্পর্ক আরও জোরদারে সংসদীয় যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।
ভারতীয় হাইকমিশনার বলেন, দুই দেশের সংসদ সদস্যদের মধ্যে নিয়মিত যোগাযোগ, মতবিনিময় এবং পারস্পরিক সফর দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এ সময় ব্যারিস্টার কায়সার কামাল ভারতের পার্লামেন্টকে আধুনিক পার্লামেন্ট হিসেবে উল্লেখ করে বলেন, বাংলাদেশও ই-পার্লামেন্ট ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে। এর সফল বাস্তবায়নে ভারতের অভিজ্ঞতা ও সহযোগিতা প্রত্যাশা করেন তিনি। দীনেশ ত্রিবেদীর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দুই দেশের সংসদীয় যোগাযোগ এবং বাংলাদেশের সংসদীয় ব্যবস্থার আধুনিকায়নে আরও সহযোগিতার সুযোগ তৈরি হবে বলেও আশা প্রকাশ করেন ডেপুটি স্পিকার।
বৈঠকে জনগণের কল্যাণকে অগ্রাধিকার দিয়ে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার, সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ এবং পারস্পরিক আস্থা ও বিশ্বাস সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন উভয়পক্ষ। এ সময় জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া, বাংলাদেশে ভারতের ডেপুটি হাইকমিশনারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতামত দিন