ভারতীয় হাইকমিশনারের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক
বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
দায়িত্ব গ্রহণের পর ভারতীয় হাইকমিশনারের সঙ্গে এটি ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক বৈঠক।
রোববার (১ মার্চ) সকালে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট মন্ত্রণালয় সূত্র জানায়, সকাল ১০টা ৫০ মিনিটে ভারতীয় হাইকমিশনার সচিবালয়ে পৌঁছান। বৈঠকটি সকাল ১১টা ৪৫ মিনিট পর্যন্ত চলে।
সূত্রগুলো জানায়, বৈঠকটি সৌজন্য সাক্ষাৎ হিসেবে উল্লেখ করা হলেও দুই দেশের সীমান্ত পরিস্থিতি, ভারতের তথ্যপ্রযুক্তি (আইটি) ব্যবস্থা, ঢাকায় ভারতীয় দূতাবাসের নিরাপত্তা এবং বাংলাদেশিদের জন্য ভিসা প্রদানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় ও নিরাপত্তা ইস্যুগুলো আলোচনায় প্রাধান্য পায় বলে জানা গেছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে