Views Bangladesh Logo

ঢাবি উপাচার্যের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার (৬ এপ্রিল) উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে শিক্ষা, গবেষণা এবং পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনায় উপাচার্য বলেন, বাংলাদেশ ও ভারতের উচ্চশিক্ষা ব্যবস্থার মধ্যে উল্লেখযোগ্য সাদৃশ্য রয়েছে, যা ভবিষ্যৎ সহযোগিতার জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করতে পারে। প্রশাসনিক কাঠামো, পাঠ্যক্রম ও সামগ্রিক শিক্ষাব্যবস্থার এই মিলকে কাজে লাগিয়ে নতুন যৌথ উদ্যোগ গ্রহণের সুযোগ রয়েছে।

তিনি আরও বলেন, বর্তমান সময়ে শিক্ষাকে শিল্প খাতের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা জরুরি। কর্মবাজারের চাহিদা অনুযায়ী আধুনিক ও যুগোপযোগী পাঠ্যক্রম প্রণয়ন প্রয়োজন।

বহুমুখী শিক্ষা, ডিপ্লোমা ও স্বল্পমেয়াদি কোর্স চালুর ওপর গুরুত্বারোপ করে উপাচার্য বলেন, শিক্ষার্থীদের জন্য নমনীয় শিক্ষাব্যবস্থা গড়ে তোলা দরকার, যাতে তারা ধাপে ধাপে শিক্ষাজীবন সম্পন্ন করতে পারে। পাশাপাশি শিক্ষার্থীদের সফট স্কিল উন্নয়নের বিষয়টিও তিনি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ভারতের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বৃদ্ধিতে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করে। বিশেষ করে যৌথ গবেষণা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় কর্মসূচি এবং সমঝোতা স্মারক (MoU) বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয়।

এ সময় প্রণয় ভার্মা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধিদলকে ভারত সফরের আমন্ত্রণ জানান। তিনি বলেন, সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সরাসরি আলোচনা করে কার্যকর সহযোগিতার ক্ষেত্র নির্ধারণ করা সম্ভব হবে। সুনির্দিষ্ট ও বাস্তবসম্মত প্রস্তাব উপস্থাপন করা হলে তা বাস্তবায়নে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

সাক্ষাৎকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী, আধুনিক ভাষা ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক মোহাম্মদ আবছার কামালসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ