Views Bangladesh Logo

মাহদী আমিনের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

ঢাকার ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈঠকে দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ যোগাযোগকে দ্বিপক্ষীয় সম্পর্কের অন্যতম ভিত্তি হিসেবে গুরুত্ব দেওয়া হয়। পারস্পরিক আস্থা ও স্বার্থের ভিত্তিতে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়েও আলোচনা করেন তারা।

বৈঠকে বাংলাদেশ ও ভারতের জনগণের পারস্পরিক কল্যাণ ও সমৃদ্ধির জন্য দ্বিপক্ষীয় অংশীদারত্ব আরও জোরদারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে ভবিষ্যতমুখী সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে মতবিনিময় করেন মাহদী আমিন ও দীনেশ ত্রিবেদী।

আলোচনায় শিক্ষা খাতে সহযোগিতার বিষয়টি গুরুত্ব পায়। পাশাপাশি প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে দুই দেশের মধ্যে যৌথ উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার সুযোগ নিয়েও আলোচনা হয়েছে।

ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছেন। এর আগে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি, জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা এবং পরিবেশবিষয়ক মন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করেছেন।

সাম্প্রতিক এসব বৈঠকে শিক্ষা, পরিবেশ, যোগাযোগ, বাণিজ্য, জনগণের মধ্যে যোগাযোগসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের বিষয় উঠে এসেছে। এরই ধারাবাহিকতায় মাহদী আমিনের সঙ্গে বৈঠকে শিক্ষা, প্রযুক্তি ও উদ্ভাবনকে বিশেষ গুরুত্ব দেওয়া হলো।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ