ঢাকায় পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী
ঢাকায় পৌঁছেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। শুক্রবার (১২ জুন) সকালে তিনি বেনাপোল-পেট্রাপোল সীমান্ত দিয়ে সড়কপথে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
ত্রিবেদী ভারতের বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হচ্ছেন। পেশাদার কূটনীতিক প্রণয় ভার্মা ২০২২ সালের সেপ্টেম্বর থেকে ঢাকায় দায়িত্ব পালন আসছিলেন। সম্প্রতি তাকে বেলজিয়াম এবং ইউরোপীয় ইউনিয়নে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
দিনেশ ত্রিবেদীর নিয়োগ ভারতের প্রচলিত কূটনৈতিক রীতি থেকে স্পষ্ট ব্যতিক্রম। সাধারণত ভারতীয় ফরেন সার্ভিস (আইএফএস) ক্যাডারের জ্যেষ্ঠ কর্মকর্তারা এ ধরনের গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত হন। তবে এবার একজন বর্ষীয়ান রাজনীতিবিদকে ঢাকায় ভারতের দূত হিসেবে পাঠানো হয়েছে।
৭৫ বছর বয়সী ত্রিবেদী গুজরাটি ব্যবসায়ী পরিবারের সন্তান হলেও কলকাতায় জন্ম ও বেড়ে ওঠার কারণে তিনি অত্যন্ত সাবলীলভাবে বাংলা বলতে পারেন এবং বাঙালি সংস্কৃতির সঙ্গে গভীরভাবে পরিচিত। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, তাঁর এই ভাষাগত ও সাংস্কৃতিক দক্ষতা এবং দুই দেশের মধ্যে সরাসরি রাজনৈতিক সম্পৃক্ততা বাড়াতেই এই পদে তাকে নিয়োগ দেওয়া হয়েছে।
রাজনৈতিক জীবনে ত্রিবেদী একাধিক দলের সঙ্গে যুক্ত ছিলেন। ভারতীয় জাতীয় কংগ্রেস দিয়ে কর্মজীবন শুরু করে ১৯৮০-র দশকে জনতা দলে যোগ দেন। ১৯৯০ সালে রাজ্যসভার সদস্য হন এবং পরবর্তীতে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে পুনরায় উচ্চকক্ষে নির্বাচিত হন। ইউপিএ সরকারের আমলে তিনি রেলমন্ত্রী ও স্বাস্থ্য এবং পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
২০১৯ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে ব্যারাকপুর আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজেপির অর্জুন সিংয়ের কাছে পরাজিত হন। এরপর রাজ্যসভায় মনোনীত হন এবং ২০২১ সালের ফেব্রুয়ারিতে তৃণমূল কংগ্রেস ছেড়ে মার্চে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দেন।

মতামত দিন