ভিসা দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল ভারতীয় হাইকমিশন
ঢাকায় ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা পরিচয়ে ভুয়া ভিসা ও কনস্যুলার সেবা দেওয়ার কথা বলে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে প্রতারকচক্র। এ ধরনের প্রতারণার বিষয়ে জনসাধারণকে সতর্ক করেছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন।
মঙ্গলবার এক জনসচেতনতামূলক বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জারি করে ভারতীয় মিশন। পরে হাইকমিশনের আনুষ্ঠানিক এক্স হিসাবেও বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।
হাইকমিশন জানিয়েছে, ফোন কল, হোয়াটসঅ্যাপ, সামাজিক যোগাযোগমাধ্যম ও ই-মেইলের মাধ্যমে প্রতারকেরা বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করছে। তারা নিজেদের হাইকমিশনের কর্মকর্তা পরিচয় দিয়ে ভিসা কিংবা অন্যান্য কনস্যুলার সেবা পাইয়ে দেওয়ার আশ্বাস দিচ্ছে। এর বিনিময়ে তারা অর্থ দাবি করছে।
বিজ্ঞপ্তিতে ভারতীয় হাইকমিশন স্পষ্ট করে জানিয়েছে, ভিসা দেওয়ার প্রস্তাব বা অর্থ চাওয়ার জন্য হাইকমিশনের কোনো কর্মকর্তা কখনো ফোন, হোয়াটসঅ্যাপ, সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা ই-মেইলের মাধ্যমে কারও সঙ্গে যোগাযোগ করবেন না। সব ভিসা আবেদন নির্ধারিত নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করে নিষ্পত্তি করা হয়।
এ ধরনের ফোন, বার্তা বা প্রস্তাব পেলে কোনো ধরনের অর্থ পরিশোধ না করার পাশাপাশি ব্যক্তিগত বা আর্থিক তথ্যও শেয়ার না করার আহ্বান জানিয়েছে হাইকমিশন।
কেউ প্রতারকদের এমন কোনো প্রস্তাব বা যোগাযোগ পেলে দ্রুত ভারতীয় হাইকমিশনকে জানানোর অনুরোধ করা হয়েছে। এ ক্ষেত্রে প্রতারকের ব্যবহৃত ফোন নম্বর, বার্তার ছবি বা অন্যান্য প্রাসঙ্গিক তথ্য হাইকমিশনে পাঠাতে বলা হয়েছে।
ভিসা ও কনস্যুলার সেবা নিয়ে প্রতারণা ঠেকাতে সবাইকে সতর্ক থাকার পাশাপাশি অন্যদেরও সচেতন করার আহ্বান জানিয়েছে ভারতীয় হাইকমিশন।
মতামত দিন