ভারতীয় ভিসা আবেদনকারীদের ধৈর্য ধরার আহ্বান হাইকমিশনের
দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালু করেছে ভারত। সেবা পুনরায় চালুর পরপরই বিপুল সংখ্যক আবেদন জমা পড়ায় ভিসা আবেদনকারীদের ধৈর্য ও সহযোগিতা কামনা করেছে ঢাকার ভারতীয় হাইকমিশন।
শুক্রবার এক বার্তায় হাইকমিশন জানায়, বিভিন্ন উদ্দেশ্যে ভারত ভ্রমণে আগ্রহী বাংলাদেশিদের কাছ থেকে পাওয়া ব্যাপক সাড়া তাদের উৎসাহিত করেছে। ভিসা পরিষেবা আরও সম্প্রসারণ এবং আবেদন প্রক্রিয়াকে সহজ, দ্রুত ও সুবিধাজনক করতে তারা কাজ করে যাচ্ছে।
হাইকমিশন আবেদনকারীদের ধৈর্য ও সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে জানায়, বাড়তি আবেদন সামাল দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
গত ২৮ জুন প্রায় দুই বছর পর বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা কার্যক্রম পুনরায় চালু করে ভারত। এর মাত্র ২৪ ঘণ্টার মধ্যে দেশজুড়ে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোতে ১ লাখ ৪০ হাজারের বেশি আবেদন জমা পড়ে। এতে রাজধানীর যমুনা ফিউচার পার্কসহ বিভিন্ন ভিসা কেন্দ্রে আবেদনকারীদের ব্যাপক ভিড় দেখা যায়।
বার্তায় আরও বলা হয়, ভারতীয় হাইকমিশন দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগ আরও জোরদার এবং বাংলাদেশ-ভারতের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করতে প্রতিশ্রুতিবদ্ধ।
মতামত দিন