ভারতীয় হাইকমিশনের পহেলা বৈশাখ উদযাপন
পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ উপলক্ষে ভারতীয় হাইকমিশন ঢাকায় দুই দিনব্যাপী বিশেষ সংগীত সন্ধ্যার আয়োজন করেছে। ১৭ ও ১৮ এপ্রিল ২০২৬ তারিখে আইজিসিসি প্রাঙ্গণে অনুষ্ঠিত এই আয়োজনের শিরোনাম ছিল ‘বাঁধন আছে প্রাণে প্রাণে: অফ হারমনি উইদিন’।
অনুষ্ঠানে বাংলাদেশের বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী অদিতি মহসিন এবং ভারতের প্রখ্যাত শিল্পী শ্রীকান্ত আচার্য অংশগ্রহণ করেন। দুই দেশের শিল্পীরা তাদের পরিবেশনার মাধ্যমে ভারত ও বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য, সংগীত ও উৎসবের অভিন্ন বন্ধন তুলে ধরেন।
ঐতিহ্য ও সৃজনশীলতাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য নিয়ে এই আয়োজনটি এইচএসবিসি বাংলাদেশের সঙ্গে একটি পাবলিক-প্রাইভেট অংশীদারিত্বের মাধ্যমে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, ভারত ও বাংলাদেশের সাংস্কৃতিক সম্পর্ক জাতীয় সীমানার চেয়েও প্রাচীন ও গভীর। একই মঞ্চে দুই দেশের বিশিষ্ট শিল্পীদের অংশগ্রহণকে তিনি দুই দেশের জনগণের মধ্যে সাংস্কৃতিক মেলবন্ধন, পারস্পরিক আস্থা, শ্রদ্ধা ও বোঝাপড়ার শক্তিশালী প্রতীক হিসেবে উল্লেখ করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ছাড়াও ব্যবসা, গণমাধ্যম, শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে